মানবিক উদ্যোগে চাঁদপুরে ১৫০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা ঔষধ চশমা দিল ‘তানিয়া ইশতিয়াক খান

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের পুরান বাজারে গরিব ও দুস্থ ১৫০ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা, ওষুধ, ড্রপ ও চশমা প্রদান করা হয়েছে। সামাজিক সংগঠন ‘বিজয়ী’ এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের ব্যক্তিগত উদ্যোগে এই চিকিৎসাসেবা কর্মসূচির আয়োজন করা হয়।

অদ্য ৩১ শে আগষ্ট (সোমবার) পুরান বাজারে চক্ষু ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন আব্দুল্লাহ অপটিকস-এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মিজানুর রহমান।

স্থানীয়রা জানান, তানিয়া ইশতিয়াক খান একজন মানবিক মানুষ হিসেবে এলাকায় সুপরিচিত। মানুষের মৌলিক চাহিদার অন্যতম প্রধান উপাদান স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি দীর্ঘ ৬ বছর ধরে নিজস্ব উদ্যোগে বিভিন্ন পাড়া, মহল্লা ও ওয়ার্ডে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি নিয়মিত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ, চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণসহ অসহায় রোগীদের চোখের ছানি অপারেশন ও নেত্রনালী অপারেশনের ব্যবস্থা করে আসছেন।

বিনামূল্যে এই উন্নত চিকিৎসাসেবা, চশমা ও ওষুধ পেয়ে এলাকার দুস্থ ও অসহায় রোগীরা তানিয়া ইশতিয়াক খানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মানবিক এই স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিজয়ীর স্বপ্নদ্রষ্টা আশিক খান, তরুন সমাজ সেবক সাদ্দাম হোসেন, টিম বিজয়ী ভলেনটিয়ারবৃন্দসহ এলাকার সুধীজন।

প্রকাশিত :  ‍সোমবার, ৩১ আগস্ট ২০২৬

You might like