

সজীব খান:
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহাতলী রেলস্টেশন এলাকার গণকবরস্থানের গাইড ওয়াল সংস্কার করা হয়েছে।
ওয়ার্ডের সাবেক মেম্বার ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. শফিক কারীর উদ্যোগে এলাকাবাসীর সহযোগীতায় সংস্কারকাজ সম্পন্ন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে শাহাতলী রেলস্টেশন এলাকার গণকবরস্থানের গাইড ওয়ালটি জরাজীর্ণ অবস্থায় ছিল। এতে কবরস্থানটির সীমানা প্রাচীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত ছিলো। বিষয়টি বিবেচনায় নিয়ে সম্প্রতি শফিক কারীর উদ্যোগে গাইড ওয়ালটির সংস্কারকাজ করা হয়েছে।
গণকবরস্থানের গাইড ওয়াল সংস্কারের ফলে কবরস্থানটির সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে সহায়ক হয়েছে। এলাকাবাসীর ব্যবহৃত গুরুত্বপূর্ণ এই গণকবরস্থানের অবকাঠামো রক্ষায় সংস্কারকাজটি প্রয়োজনীয় ভূমিকা রাখবে বলে স্থানীয়রা মনে করছেন।
স্থানীয়রা এই উদ্যোগে স্বাগত জানিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ খ্রি.














