

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক মহাসড়কে ট্রাকের ধাক্কায় এনামুল হক (৪০) নামে অটোভ্যানের যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এসময় অটোভ্যানের অপর যাত্রী আব্দুল হামিদ (৪৪) ও চালক আনোয়ার হোসেন (৪২) আহত হন। এরা সবাই রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের ইমাদপুর গ্রামের হাজীপাড়ার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাট এলাকার কামরাঙ্গার তল নামক স্থানে সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। এসময় রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকা অটোভ্যানটিকে একটি মালবোঝাই ট্রাক অটোভ্যানটিতে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এরপর বিষয়টি জানাজানি হলে রংপুরের পীরগাছা থানাপুলিশ ঘাতক ট্রাকটি আটক করতে সক্ষম হয়।
এ দুর্ঘটনায় আহত অটোভ্যান চালক ইমাদপুর গ্রামের হাজীপাড়াস্থ মোস্তাহাব আলীর ছেলে আনোয়ার হোসেন ও তার প্রতিবেশী আব্দুল হামিদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে আনোয়ার হোসেন এখনো সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করছেন।
ঘাতক ট্রাকটি পীরগাছা থানায় আটক থাকার বিষয়টি নিশ্চিত করে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান এব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশিত: সোমবার, ০২ নভেম্বর ২০২৬ খ্রি.














