কুড়িগ্রামে আত-তাহযিব আইডিয়াল মাদরাসার উদ্যোগে “ক্রিয়েটিভ সায়েন্স এক্সপো-২০২৬” অনুষ্ঠিত

​কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের খলিলগঞ্জে অবস্থিত আত-তাহযিব আইডিয়াল মাদরাসার ক্যাম্পাস-৩-এ অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘ক্রিয়েটিভ সায়েন্স এক্সপো-২০২৬’। আজ শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় মাদ্রাসার নিজস্ব ক্যাম্পাসে এই বর্ণাঢ্য বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়।

​মেলার প্রধান আকর্ষণ ছিল শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি বিভিন্ন বৈজ্ঞানিক প্রজেক্ট ও মডেল। ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী ক্ষমতা দেখে মুগ্ধ হন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

​সকাল ৯টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এক্সপোর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন অতিথিরা। উদ্বোধনের পর আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় শিক্ষার্থীরা তাদের প্রজেক্টের কার্যকারিতা ও বৈজ্ঞানিক ভিত্তি সম্পর্কে অতিথিদের সামনে বিস্তারিত তুলে ধরে।

​প্রদর্শনীতে উন্নত জীবনের জন্য টেলিস্কোপ, রেডিও ও চাকার উদ্ভাবন, গ্রিনহাউসের প্রভাব ও বৈশ্বিক উষ্ণায়ন, সোলার সিস্টেম প্যানেল সহ আকর্ষণীয় ও শিক্ষণীয় নানা প্রজেক্ট স্থান পায়। ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিতে মাদ্রাসার শিক্ষার্থীদের এমন বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী উপস্থিত সবার নজর কাড়ে

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ​প্রফেসর মো. তোফায়েল হোসেন, অধ্যাপক, ইংরেজি বিভাগ, কারমাইকেল কলেজ, রংপুর ও সাবেক ভাইস প্রিন্সিপাল, কুড়িগ্রাম সরকারি কলেজ। ​ড. মো. সফিকুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর (কেমিস্ট্রি), উলিপুর সরকারি কলেজ, কুড়িগ্রাম। ​মুফতি আব্দুল হান্নান কাসেমী, শাইখুল হাদিস, আল জামিয়াতুল আরাবিয়া হামিদুস্ সুন্নাহ কাসেমুল উলুম আল কারামতিয়া, নাগেশ্বরী, কুড়িগ্রাম। ​দেওয়ান এনামুল হক, সিনিয়র শিক্ষক (অবঃ), ইংরেজি, কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়। জেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল হাই সরকার, আত-তাহযিব শিক্ষা পরিবারের চেয়ারম্যান আতিকুল ইসলাম, আত-তাহযিব শিক্ষা পরিবারের ব্যবস্থাপনা পরিচালক শেখ নুর মোহাম্মদ, আত-তাহযিব আইডিয়াল মাদরাসার অধ্যক্ষ আরিফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা তাদের মেধা ও প্রতিভার স্বাক্ষর রাখায় অভিভাবকদের মাঝেও আনন্দের আমেজ লক্ষ্য করা যায়।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, “আজকের এই ক্ষুদে বিজ্ঞানীরাই আগামী দিনের দেশের নেতৃত্ব দেবে। মাদ্রাসার শিক্ষার্থীরা কেবল দ্বীনি শিক্ষায় নয়, বরং আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিতেও সমানভাবে পারদর্শী—এই এক্সপো তারই এক অনন্য প্রমাণ। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মননশীলতা ও সৃজনশীলতা বিকাশে দারুণ ভূমিকা রাখবে।”

​দিনব্যাপী এই “ক্রিয়েটিভ সায়েন্স এক্সপো-২০২৬” শেষে অংশগ্রহণকারী সেরা প্রজেক্টগুলোর নির্মাতাদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। বিকেলে হামদ নাত সহ ইসলামি সঙ্গীত পরিবেশনের মাধ্যমে উৎসবমুখর এই বিজ্ঞান মেলার সমাপ্তি ঘটে।

প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy