

মিজানুর রহমান রানা :
সোগুতের বাতাসে সেদিন শান্তি ছিল। কিন্তু শান্তি কখনো বেশিক্ষণ থাকে না। যেখানে আরতুগ্রুলের মতো বীর থাকে, সেখানে শত্রুরাও ছায়ার মতো লেগে থাকে।

সোগুত থেকে অনেক দূরে, পাহাড়ের গা ঘেঁষে একটা পুরনো সরাইখানা। নাম তার ‘কুর্ত পাথারের সরাই’। দিনের বেলা সেখানে কাফেলা থামে, রাতের বেলা সেখানে চলে গোপন বৈঠক। বাইরে থেকে দেখলে মনে হবে, তিনজন পথিক খেতে বসেছে। ভেতরে আসলে চলছে এক সাম্রাজ্য দখলের ষড়যন্ত্র।
একটা কাঠের টেবিলে বসে আছে তিনজন মানুষ।
একপাশে আমির সাদেত্তিন। মাথায় কালো পাগড়ি, গায়ে মখমলের পোশাক, আঙুলে বড় বড় আংটি। চোখে সেই চিরচেনা রাজনীতির চাল। সে এমন একজন মানুষ, যে হাসতে হাসতে নিজের বন্ধুকেও বিক্রি করে দিতে পারে।
তার সামনে বসে আছে নোয়ান। কাল যে মানুষটা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ছিল, আজ সে মুরগির রান চিবোচ্ছে। তার হাতে তেল, মুখে হাসি। কিন্তু তার চোখে সেই আগের অহংকার নেই, আছে অন্য কিছু — ঠান্ডা, হিসেবি, ভয়ংকর একটা ধূর্ততা।
আর নোয়ানের পাশে বসে আছে তার সহকারী টাঙ্গুট। লম্বা, রোগা, চোখ দুটো ছোট ছোট কিন্তু ভীষণ ধারালো। সে কথা কম বলে। শুধু তাকিয়ে থাকে। আর সেই তাকানোর মধ্যেই লুকিয়ে থাকে অনেক কথা।
সরাইখানার মালিক দূরে দাঁড়িয়ে কাঁপছে। সাদেত্তিন তাকে ইশারা করে বলেছে, “এদিকে কেউ যেন না আসে।” তাই দরজা বন্ধ। বাইরে সাদেত্তিনের চারজন সৈন্য পাহারা দিচ্ছে।
সাদেত্তিন এক চুমুক শরবত খেয়ে বললো, “নোয়ান, তোমাকে আমি মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি। সোগুতের ময়দানে তোমার গলায় যখন ফাঁসির দড়ি উঠেছিল, তখন আমি না গেলে আজ তোমার লাশ কাক-শকুনে খেতো।”
নোয়ান মুরগির রানে একটা বড় কামড় দিয়ে বললো, “হুমম… মুরগিটা ভালো হয়েছে আমির। সোগুতে তো খাবারও ঠিকমতো পাইনি। আরতুগ্রুলের তাঁবুতে শুধু শুকনো রুটি আর পানি।”
সাদেত্তিনের মুখটা শক্ত হয়ে গেল। “আমি মজা করছি না নোয়ান! আমি তোমাকে বাঁচিয়েছি। এখন তোমার কাজ হলো আমার পাঁচজন লোককে ফেরত আনা। মোঙ্গলদের হাতে আমার পাঁচজন বিশ্বস্ত বে বন্দি আছে। তাদের ছাড়াতে হবে। আর আমার কথামতো কাজ করা।”
নোয়ান আবার হাসলো। সে আস্তে আস্তে তার সহকারী টাঙ্গুটের দিকে রহস্যময় চোখে তাকিয়ে হাসলো। সেই হাসিটা সাদেত্তিন বুঝতে পারলো না। কিন্তু টাঙ্গুট বুঝলো। টাঙ্গুটও ঠোঁটের কোণে একটু হাসলো। যেন দুজনের মধ্যে কোনো গোপন কথা হয়ে গেল, যা সাদেত্তিন জানে না।
সাদেত্তিন আবার বললো, “শোনো নোয়ান। আমি চাই আরতুগ্রুল ও কায়ী বংশ শেষ হয়ে যাক। এই আরতুগ্রুল দিন দিন বড় হয়ে যাচ্ছে। সুলতান আলাউদ্দিন তাকে ভালোবাসে। জনগণ তাকে বীর বলে। এভাবে চললে একদিন সে আমার রাস্তায় কাঁটা হয়ে দাঁড়াবে। তাই তাকে শেষ করতে হবে। সোগুতকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে।”
সে একটু থেমে ফিসফিস করে বললো, “এরপর সুলতানকে উৎখাত করে আমি নিজেই সুলতান হবো। তোমার মোঙ্গলবাহিনী আমাকে সহায়তা করবে। আমি সুলতান হলে, তোমাকে দেবো অর্ধেক আনাতোলিয়া। তুমি হবে আমার ডান হাত।”
নোয়ান মুরগির হাড়টা টেবিলে রেখে হাত মুছলো। তারপর ঠান্ডা গলায় বললো, “আমির সাদেত্তিন, আপনি খুব বড় স্বপ্ন দেখছেন। সুলতান হওয়া এত সহজ?”
সাদেত্তিন বললো, “স্বপ্ন বড় না দেখলে সুলতান হওয়া যায় না নোয়ান। তুমি শুধু আমার কথা শোনো। তুমি মোঙ্গলদের কাছে গিয়ে বলো, আমার পাঁচজনকে ছেড়ে দিতে। বিনিময়ে আমি তোমাকে ছেড়ে দিয়েছি, এই খবর তো তারা জানে।”
নোয়ান বললো, “আর যদি মোঙ্গলরা আপনার পাঁচজনকে না ছাড়ে?”
সাদেত্তিন বললো, “ছাড়বে। কারণ মোঙ্গলরা জানে, আমি তাদের বন্ধু। আমি তাদের হয়ে কাজ করি।”
এই কথা শুনে নোয়ান আবার টাঙ্গুটের দিকে তাকালো। এবার তার হাসিটা আরো গভীর হলো। টাঙ্গুট মাথা নিচু করে পানি খেলো, যেন কিছুই হয়নি।
নোয়ান মনে মনে ভাবলো, “এই বোকা আমির ভাবছে, সে মোঙ্গলদের ব্যবহার করছে। সে জানে না, মোঙ্গলরা তাকেই ব্যবহার করছে। আর আমি… আমি কাউকে ব্যবহার করি না। আমি শুধু খেলা দেখি।”
সাদেত্তিন বুঝতে পারলো না, নোয়ানের পেটে কী চলছে। সে ভাবলো, নোয়ান তার হাতের পুতুল।
সে বললো, “নোয়ান, কাল সকালেই তুমি রওনা হবে। মোঙ্গল ছাউনিতে যাবে। আমার পাঁচজনকে নিয়ে আসবে। আর আসার পথে আরতুগ্রুলের উপর হামলার পরিকল্পনা করবে।”
নোয়ান বললো, “ঠিক আছে আমির। আমি যাবো। কিন্তু আমার একটা শর্ত আছে।”
সাদেত্তিন বললো, “কী শর্ত?”
নোয়ান বললো, “আমাকে কিছু সৈন্য দিতে হবে। খালি হাতে মোঙ্গল ছাউনিতে গেলে তারা আমাকে দাম দেবে না। আমাকে ২০ জন ভালো ঘোড়সওয়ার দিন। আর কিছু সোনার মোহর।”
সাদেত্তিন একটু ভাবলো। তারপর বললো, “ঠিক আছে। ২০ জন নয়, ৩০ জন দেবো। তুমি আমার বিশ্বস্ত লোক।”
নোয়ান মনে মনে হাসলো, “৩০ জন সৈন্য! বোকা আমির! এই ৩০ জনকে দিয়েই আমি তোমার বিরুদ্ধে প্রথম চাল দেবো।”
সে মুখে বললো, “আপনি মহান আমির। আপনি সুলতান হওয়ারই যোগ্য।”
সাদেত্তিন খুশি হয়ে গেল। সে উঠে দাঁড়ালো। “তাহলে আজ রাতটা এখানেই থাকো। কাল সকালে রওনা হবে। আমি কনিয়ায় ফিরছি। সুলতানের দরবারে আমার অনেক কাজ আছে।”
সাদেত্তিন তার সৈন্যদের নিয়ে চলে গেল। ঘোড়ার খুরের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল।
সরাইখানায় এখন শুধু নোয়ান আর টাঙ্গুট।
দরজা বন্ধ হতেই নোয়ানের মুখের হাসিটা বদলে গেল। সেই নরম হাসি উধাও। এখন তার চোখে আগুন।
সে টাঙ্গুটের দিকে তাকিয়ে বললো, “টাঙ্গুট, শুনলে? এই সাদেত্তিন নিজেকে কী ভাবে? সে সুলতান হবে! হা হা হা!”
টাঙ্গুট ঠান্ডা গলায় বললো, “সেনাপতি, এই লোকটা একটা সাপ। সাপকে বিশ্বাস করতে নেই।”
নোয়ান বললো, “আমি জানি। সাদেত্তিন ভাবছে, সে আমাকে বাঁচিয়ে আমাকে কিনে ফেলেছে। সে ভাবছে, আমি তার কুকুর হয়ে আরতুগ্রুলকে কামড়াবো। কিন্তু সে জানে না, আমি কারো কুকুর না। আমি নোয়ান। আমি মোঙ্গলদের সবচেয়ে ভয়ংকর সেনাপতি।”
টাঙ্গুট বললো, “তাহলে এখন আমাদের পরিকল্পনা কী, সেনাপতি? আমরা কি সত্যিই তার পাঁচজনকে ছাড়াবো?”
নোয়ান উঠে দাঁড়িয়ে জানালার কাছে গেল। বাইরে অন্ধকার। দূরে সোগুতের আলো দেখা যাচ্ছে।
সে বললো, “টাঙ্গুট, তুমি আমার সবচেয়ে বিশ্বস্ত লোক। তাই তোমাকে একটা গোপন কথা বলছি। সাদেত্তিনের পাঁচজন লোক মোঙ্গলদের হাতে বন্দি — এটা সত্যি। কিন্তু মোঙ্গলরা তাদের ছাড়বে না। কারণ ওই পাঁচজনের মধ্যে একজন হলো… আমার নিজের লোক।”
টাঙ্গুট চমকে উঠলো, “আপনার লোক?”
নোয়ান বললো, “হ্যাঁ। ওই পাঁচজনের মধ্যে একজন, নাম তার কারা বে। সে আসলে মোঙ্গলদের গুপ্তচর। সে বহু বছর ধরে সাদেত্তিনের পাশে থেকে তার সব খবর আমাকে দিয়েছে। সাদেত্তিন ভাবছে, সে তার লোক। আসলে সে আমার লোক।”
টাঙ্গুট হাসলো, “বাহ! তাহলে সাদেত্তিন তো নিজের অজান্তেই তার শত্রুকে বাঁচাতে চাইছে।”
নোয়ান বললো, “ঠিক তাই। আর আমি চাই, সাদেত্তিন এই ভুলটাই করুক। আমি মোঙ্গল ছাউনিতে গিয়ে বলবো, পাঁচজনকে ছেড়ে দাও। মোঙ্গলরা চারজনকে ছেড়ে দেবে। আর কারা বে-কে… আমি ইচ্ছা করে সেখানে রেখে দেবো। যাতে সাদেত্তিন ভাবে, আমি তার কথা রাখিনি। তারপর সাদেত্তিন রেগে গিয়ে আরতুগ্রুলের উপর আরো চাপ দেবে। আর দুই পক্ষ লড়াই করে দুর্বল হয়ে যাবে। আর তখন…”
টাঙ্গুট বললো, “তখন আপনি মাঝখান থেকে পুরো আনাতোলিয়া দখল করবেন!”
নোয়ান মুরগির আরেকটা রান তুলে নিলো। “ঠিক ধরেছো টাঙ্গুট। আরতুগ্রুল আর সাদেত্তিন — দুজনেই আমার শত্রু। একজন আমাকে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিল, আরেকজন আমাকে দিয়ে তার সুলতানি স্বপ্ন পূরণ করতে চায়। আমি দুজনকেই শেষ করবো। কিন্তু তার আগে আমি সাদেত্তিনের দেওয়া ৩০ জন সৈন্যকে কাজে লাগাবো।”
টাঙ্গুট বললো, “কীভাবে?”
নোয়ান চোখ টিপে বললো, “কাল সকালে যখন সাদেত্তিনের ৩০ জন সৈন্য নিয়ে আমি রওনা হবো, তখন পথে আমি তাদের বলবো, সাদেত্তিন আমাকে বলেছে, আরতুগ্রুলকে মারতে। তারা তো সাদেত্তিনের লোক। তারা বিশ্বাস করবে। তারা আরতুগ্রুলের উপর হামলা করবে। আরতুগ্রুল তাদের মারবে। তখন সাদেত্তিনের লোক মরবে আরতুগ্রুলের হাতে। সাদেত্তিন ভাববে, আরতুগ্রুল তার লোকদের মেরেছে। সে রেগে যাবে। আর আরতুগ্রুল ভাববে, সাদেত্তিন তাকে মারতে লোক পাঠিয়েছে। দুজনের মধ্যে শত্রুতা শুরু হয়ে যাবে।”
টাঙ্গুট মুগ্ধ হয়ে বললো, “সেনাপতি, আপনার মাথায় সত্যিই শয়তান বাস করে।”
নোয়ান হাসতে হাসতে বললো, “শয়তান না টাঙ্গুট, এটাকে বলে রাজনীতি। সাদেত্তিন যেটা আমার সাথে করতে চেয়েছিল, আমি সেটাই তার সাথে করবো।”
তখন টাঙ্গুট একটু চুপ করে বললো, “সেনাপতি, একটা কথা। সোগুতের ময়দানে আপনি আরতুগ্রুলকে বলেছিলেন, আপনি তাকে ক্ষমা… না না, সে আপনাকে ক্ষমা করেছে। আপনি কি সত্যিই আরতুগ্রুলকে ঘৃণা করেন?”
নোয়ান কিছুক্ষণ চুপ করে থাকলো। তার চোখে হঠাৎ একটা অন্য আলো এলো। সে আস্তে করে বললো, “টাঙ্গুট, সত্যি কথা বলতে কি, আরতুগ্রুলকে আমি ঘৃণা করি না। আমি তাকে সম্মান করি। সে একজন সত্যিকারের বীর। ফাঁসির মঞ্চেও সে আমাকে ছেড়ে দিয়েছে পাঁচজন বন্দির জন্য। এমন বীর আমি জীবনে দেখিনি। মোঙ্গলদের মধ্যে এমন কেউ নেই।”
সে আবার বললো, “কিন্তু আমি মোঙ্গল সেনাপতি। আমার ধর্ম হলো যুদ্ধ। আমি যদি আরতুগ্রুলকে সম্মান করে ছেড়ে দিই, তাহলে মোঙ্গল খান আমাকে মেরে ফেলবে। তাই আমাকে তাকে শেষ করতেই হবে। যদিও আমার মন চায় না।”
টাঙ্গুট বললো, “আমি বুঝেছি সেনাপতি।”
নোয়ান বললো, “যাও, এখন ঘুমাও। কাল সকালে অনেক কাজ। আর একটা কথা মনে রেখো, সাদেত্তিনের দেওয়া ৩০ জন সৈন্যের মধ্যে যদি কেউ আমাদের পরিকল্পনা বুঝে ফেলে, তাকে সাথে সাথে শেষ করে দেবে। কোনো প্রমাণ রাখা যাবে না।”
টাঙ্গুট মাথা নেড়ে চলে গেল।
কিন্তু টাঙ্গুট নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করেই একটা ছোট কাগজ বের করলো। সে কাগজে কিছু লিখলো। তারপর একটা কবুতরকে সেই কাগজটা বেঁধে জানালা দিয়ে ছেড়ে দিলো। কবুতরটা উড়ে গেল সোগুতের দিকে।
টাঙ্গুট ফিসফিস করে বললো, “মাফ করবেন সেনাপতি। আমি আপনার লোক, কিন্তু আমি আরতুগ্রুলেরও ঋণী। যেদিন সোগুতের যুদ্ধে আমি আহত হয়ে পড়েছিলাম, সেদিন আরতুগ্রুল আমাকে মারেনি। সে আমাকে পানি দিয়েছিল। আমি সেই ঋণ ভুলিনি।”
এদিকে সোগুতে, আরতুগ্রুল তখন তাঁবুতে বসে আছে। তার পাশে বসে আছে বামসি, দোগান, তুরগুত। তুরগুত এখন অনেকটা সুস্থ। ঔষধের ঘোর কেটে গেছে। কিন্তু এখনো তার মাথায় মাঝে মাঝে ব্যথা করে।
বামসি বললো, “বে, নোয়ানকে ছেড়ে দিয়ে কি ভুল করলাম আমরা? আমার মনটা এখনো মানছে না।”
আরতুগ্রুল বললো, “বামসি, আমি জানি তোমার কষ্ট হচ্ছে। আমারও হচ্ছে। কিন্তু পাঁচজন বন্দির জীবন… আমরা যদি তাদের মরতে দিতাম, তাহলে আল্লাহর কাছে কী জবাব দিতাম?”
তুরগুত বললো, “বে ঠিক বলেছে। কিন্তু আমার ভয় হচ্ছে, নোয়ান আবার ফিরে আসবে। আর এবার আরো ভয়ংকর হয়ে আসবে।”
ঠিক তখনই তাঁবুর বাইরে থেকে আবদুর রহমান দৌড়ে এলো। তার হাতে একটা কবুতর। “বে! বে! একটা কবুতর এসেছে! তার পায়ে একটা চিঠি!”
আরতুগ্রুল চিঠিটা খুললো। চিঠিতে লেখা: “সাবধান! সাদেত্তিন আর নোয়ান এক হয়েছে। কাল সকালে ৩০ জন সৈন্য নিয়ে নোয়ান আসছে। তারা তোমার উপর হামলা করবে বলে সাজানো হবে। কিন্তু আসল চাল অন্য। সাদেত্তিন সুলতান হতে চায়। বিশ্বাস করো না কাউকে। — একজন শুভাকাঙ্ক্ষী”
সবাই চুপ হয়ে গেল।
বামসি বললো, “এই চিঠি কে পাঠালো?”
আরতুগ্রুল বললো, “জানি না। কিন্তু এই চিঠি মিথ্যা না। আমার মন বলছে, এটা সত্যি। সাদেত্তিনকে আমি আগে থেকেই সন্দেহ করতাম। সে কখনো কায়ীদের ভালো চায়নি।”
দোগান বললো, “তাহলে আমরা কী করবো বে?”
আরতুগ্রুল চোখ বন্ধ করে একটু ভাবলো। তারপর বললো, “আমরা ফাঁদ পাতবো। নোয়ান যদি ফাঁদ পাতে, আমরা তার চেয়ে বড় ফাঁদ পাতবো। কাল সকালে নোয়ান যখন আসবে, আমরা তাকে আটকাবো না। আমরা তাকে যেতে দেবো। কিন্তু তার পেছনে আমাদের লোক থাকবে। আমরা দেখবো, সে আসলে কী করে।”
তুরগুত বললো, “বে, আমাকে পাঠান। আমি তার পেছনে যাবো।”
আরতুগ্রুল বললো, “না তুরগুত, তুমি এখনো অসুস্থ। এবার যাবে বামসি আর দোগান। তোমরা দুজন ছদ্মবেশে যাবে। কাফেলার লোক সেজে।”
বামসি খুশি হয়ে বললো, “এই তো বে-র মতো কথা!”
সেই রাতে সোগুতের কেউ ঘুমালো না। সবাই প্রস্তুতি নিলো।
পরের দিন সকাল। সরাইখানা থেকে নোয়ান ৩০ জন সৈন্য নিয়ে রওনা হলো। সৈন্যরা সবাই সাদেত্তিনের পোশাক পরা। তাদের হাতে সাদেত্তিনের পতাকা।
কিছু দূর যাওয়ার পর নোয়ান তার ঘোড়া থামালো। সে সৈন্যদের বললো, “শোনো, সাদেত্তিন আমির আমাকে গোপন আদেশ দিয়েছেন। আমরা এখন সোগুতে যাবো না। আমরা যাবো জঙ্গলের রাস্তা দিয়ে। সেখানে আরতুগ্রুলের লোকেরা থাকবে। তাদের শেষ করতে হবে।”
সৈন্যদের মধ্যে একজন, নাম তার ইয়ামান, বললো, “কিন্তু সেনাপতি, আমির তো বলেছিলেন, আমরা মোঙ্গল ছাউনিতে যাবো।”
নোয়ান রেগে বললো, “তুমি আমিরের কথা বেশি বোঝো? আমি আমিরের হয়ে কাজ করছি। আমার কথা শোনো।”
ইয়ামান চুপ হয়ে গেল। কিন্তু তার মনে সন্দেহ হলো।
নোয়ান মনে মনে হাসলো, “প্রথম চাল সফল। এখন এরা আরতুগ্রুলের লোকদের মারতে যাবে।”
কিন্তু নোয়ান জানতো না, জঙ্গলের ভেতরে বামসি আর দোগান আগে থেকেই লুকিয়ে আছে। তারা কাফেলার লোক সেজে বসে আছে। তাদের সাথে আছে আরো দশজন কায়ী যোদ্ধা।
নোয়ানের দল যখন জঙ্গলের সরু রাস্তায় এলো, তখন হঠাৎ বামসি সামনে এসে দাঁড়ালো।
বামসি বললো, “আরে! কারা যাও? এই রাস্তা তো কায়ীদের রাস্তা!”
নোয়ান বললো, “আমরা সাদেত্তিন আমিরের লোক। সরে যাও।”
বামসি ইচ্ছা করে ঝগড়া শুরু করলো। “সাদেত্তিনের লোক হলে কী হবে? এই রাস্তা দিয়ে যেতে হলে কর দিতে হবে।”
নোয়ানের সৈন্যরা রেগে গেল। তারা তলোয়ার বের করলো।
নোয়ান চিৎকার করে বললো, “মারো ওদের! এরাই আরতুগ্রুলের লোক!”
যুদ্ধ শুরু হয়ে গেল। কিন্তু এটা আসল যুদ্ধ না। এটা ছিল আরতুগ্রুলের সাজানো নাটক। বামসি আর দোগান ইচ্ছা করে হেরে যাওয়ার ভান করে পালিয়ে গেল। তারা চিৎকার করে বললো, “পালাও! সাদেত্তিনের লোকেরা আমাদের মারতে এসেছে!”
নোয়ানের সৈন্যরা ভাবলো, তারা জিতে গেছে। তারা খুশিতে চিৎকার করলো।
নোয়ান মনে মনে বললো, “ব্যস! এবার এই খবর সোগুতে যাবে। আরতুগ্রুল ভাববে, সাদেত্তিন তাকে মারতে লোক পাঠিয়েছে। আমার কাজ শেষ।”
কিন্তু তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটলো।
ইয়ামান নামের সেই সৈন্যটা হঠাৎ নোয়ানের দিকে তাকিয়ে বললো, “সেনাপতি, আপনি তো বলেছিলেন, আমরা মোঙ্গল ছাউনিতে যাবো। তাহলে এখানে কেন মারামারি করলাম? আমার মনে হচ্ছে, আপনি আমাদের দিয়ে আপনার নিজের কাজ করাচ্ছেন।”
নোয়ানের চোখ লাল হয়ে গেল। সে টাঙ্গুটের দিকে তাকালো। টাঙ্গুট ইশারা বুঝলো।
নোয়ান বললো, “ইয়ামান, তুমি বেশি কথা বলছো।”
বলেই সে তার তলোয়ার বের করলো।
ইয়ামান ভয় পেয়ে ঘোড়া ঘুরিয়ে পালাতে চাইলো। কিন্তু টাঙ্গুট তার দিকে একটা ছোট ছুরি ছুঁড়ে মারলো। ইয়ামান মাটিতে পড়ে গেল।
বাকি ২৯ জন সৈন্য ভয়ে চুপ হয়ে গেল। তারা বুঝে গেল, নোয়ান আসলে সাদেত্তিনের লোক না, সে নিজের খেলা খেলছে।
নোয়ান বললো, “শোনো সবাই। তোমরা এখন থেকে আমার লোক। সাদেত্তিন তোমাদের বেতন দেয়, আমি তোমাদের জীবন দেবো। আমার কথা না শুনলে ইয়ামানের মতো হবে।”
সৈন্যরা ভয়ে মাথা নাড়লো।
নোয়ান আবার রওনা হলো মোঙ্গল ছাউনির দিকে। কিন্তু তার মনে একটা ভয় ঢুকে গেল। “ইয়ামান কি মরার আগে কিছু বলে গেছে? কেউ কি দেখে ফেলেছে?”
সে জানতো না, দূরে একটা গাছের আড়ালে বামসি আর দোগান সব দেখছিল। তারা সব শুনেছে।
বামসি ফিসফিস করে বললো, “দোগান, দেখলি? নোয়ান নিজের লোককেই মারলো। এই খবরটা বে-কে দিতে হবে।”
দোগান বললো, “চল, তাড়াতাড়ি সোগুতে ফিরি।”
এদিকে সোগুতে আরতুগ্রুল তাঁবুতে বসে ইবনে আল আরাবির সাথে কথা বলছে।
ইবনে আল আরাবি বললেন, “বেটা, তুমি আজ একটা বড় পরীক্ষা দিচ্ছো। শত্রু সামনে থেকে আসলে লড়া যায়। কিন্তু শত্রু যখন বন্ধু সেজে আসে, তখন চেনা কঠিন। সাদেত্তিন তোমার বন্ধু সেজে আছে। কিন্তু তার মনের ভেতরে বিষ।”
আরতুগ্রুল বললো, “হুজুর, আমি কী করবো? সাদেত্তিন তো সুলতানের আমির। আমি যদি তার বিরুদ্ধে যাই, তাহলে সুলতান রেগে যাবে।”
ইবনে আল আরাবি বললেন, “বেটা, ন্যায়ের জন্য দাঁড়াতে হলে কখনো কখনো সুলতানের বিরুদ্ধেও দাঁড়াতে হয়। কিন্তু প্রমাণ ছাড়া কিছু করো না। প্রমাণ জোগাড় করো।”
ঠিক তখনই বামসি আর দোগান হাঁপাতে হাঁপাতে এলো।
বামসি বললো, “বে! সব শুনেছি! নোয়ান সাদেত্তিনের ৩০ জন সৈন্যকে নিজের দলে নিয়ে নিয়েছে! একজনকে মেরে ফেলেছে! আর সে মোঙ্গল ছাউনিতে যাচ্ছে!”
আরতুগ্রুল বললো, “আমি জানতাম। নোয়ান কখনো কারো হয় না।”
দোগান বললো, “বে, আরেকটা কথা। নোয়ান বলছিল, সাদেত্তিনের পাঁচজন বন্দির মধ্যে একজন তার নিজের লোক।”
আরতুগ্রুলের চোখ বড় হয়ে গেল। “তাহলে সাদেত্তিনের পুরো খেলাটাই মিথ্যা! সাদেত্তিন ভাবছে, সে নোয়ানকে ব্যবহার করছে। আসলে নোয়ান তাকে ব্যবহার করছে!”
সে উঠে দাঁড়ালো। “আমাদের এখনই কনিয়ায় খবর পাঠাতে হবে। সুলতানকে জানাতে হবে, তার আমির সাদেত্তিন বিশ্বাসঘাতকতা করছে। সে সুলতান হতে চায়।”
বামসি বললো, “কিন্তু সুলতান কি বিশ্বাস করবে?”
আরতুগ্রুল বললো, “বিশ্বাস করবে, যদি আমরা প্রমাণ দিতে পারি। আর প্রমাণ হলো টাঙ্গুটের চিঠি আর ইয়ামানের মৃত্যু।”
সে আবদুর রহমানকে ডাকলো, “আবদুর রহমান, তুমি এখনই কনিয়ায় যাবে। সুলতানের কাছে এই চিঠি পৌঁছে দেবে। খুব সাবধানে যাবে। সাদেত্তিনের লোকেরা রাস্তায় থাকতে পারে।”
আবদুর রহমান বললো, “বে, আপনি চিন্তা করবেন না। আমি পৌঁছে দেবোই।”
রাত নামছে। সোগুতের আকাশে চাঁদ উঠেছে।
আরতুগ্রুল একা তাঁবুর বাইরে দাঁড়িয়ে আছে। তার মনে হালিমার কথা ভাসছে।
সে মনে মনে বললো, “হালিমা, দেখো, চারদিকে শত্রু। সাদেত্তিন, নোয়ান, রেডরিক — সবাই আমার পেছনে লেগেছে। কিন্তু আমি ভাঙবো না। যতদিন কায়ী বংশ আছে, ততদিন আমি লড়বো।”
দূরে তুরগুত ঘুম থেকে উঠে এসে বললো, “বে, আপনি এখনো ঘুমাননি?”
আরতুগ্রুল হাসলো, “তুরগুত, বে-দের ঘুম কম হয়। তুমি যাও, ঘুমাও। কাল থেকে আবার নতুন লড়াই।”
তুরগুত বললো, “বে, কাল আমি আপনার সাথে যাবো। এবার আর কেউ আমাকে ঔষধ খাওয়াতে পারবে না।”
আরতুগ্রুল তুরগুতকে বুকে জড়িয়ে ধরলো।
এদিকে মোঙ্গল ছাউনিতে নোয়ান পৌঁছে গেছে। মোঙ্গল সৈন্যরা তাকে দেখে অবাক।
মোঙ্গল সেনাপতি বায়জু বললো, “নোয়ান! তুমি বেঁচে আছো? আমরা ভেবেছিলাম, আরতুগ্রুল তোমাকে ফাঁসি দিয়েছে।”
নোয়ান বললো, “আরতুগ্রুল আমাকে ফাঁসি দিতে পারেনি। কারণ আমি নোয়ান। আমাকে মারা এত সহজ না।”
বায়জু বললো, “তাহলে তুমি কী চাও?”
নোয়ান বললো, “আমি চাই, সাদেত্তিনের চারজন বন্দিকে ছেড়ে দাও। একজনকে রেখে দাও।”
বায়জু অবাক হয়ে বললো, “কেন?”
নোয়ান হাসলো। সেই রহস্যময় হাসি। “কারণ খেলা এখনো শেষ হয়নি বায়জু। খেলা তো সবে শুরু। সাদেত্তিন সুলতান হতে চায়। আরতুগ্রুল তাকে আটকাতে চায়। আমি চাই, দুজনেই লড়াই করে মরুক। আর আমরা মাঝখান থেকে পুরো আনাতোলিয়া নিয়ে নিই।”
বায়জু হা হা করে হাসলো। “তুমি সত্যিই মোঙ্গলদের গর্ব নোয়ান।”
নোয়ান আবার টাঙ্গুটের দিকে তাকিয়ে হাসলো। টাঙ্গুটও হাসলো। কিন্তু টাঙ্গুটের হাসির পেছনে লুকিয়ে আছে আরেকটা গোপন কথা, যা নোয়ানও জানে না। টাঙ্গুটের কবুতরটা তখন সোগুত থেকে আবার উড়ে আসছে মোঙ্গল ছাউনির দিকে… তার পায়ে আরেকটা চিঠি। সেই চিঠিতে কী লেখা, সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে পরের পর্বের জন্য।
সোগুতের বাতাসে আবার বারুদের গন্ধ ভেসে আসছে। যুদ্ধ শেষ হয়নি। যুদ্ধ তো সবে শুরু।
[চলবে…]
আরও পড়ুন : আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর : পর্ব ১
আরও পড়ুন : আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর : পর্ব ২
আরও পড়ুন : আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর : পর্ব ৩
আরও পড়ুন : আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর- পর্ব ৪
আরও পড়ুন : আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর : পর্ব ৫
আরও পড়ুন : আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর : পর্ব ৬
আরও পড়ুন : আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর- পর্ব ৭
আরও পড়ুন : আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর- পর্ব ৮
আরও পড়ুন : আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর- পর্ব ৯
আরও পড়ুন : আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর- পর্ব ১০
আরও পড়ুন : আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর- পর্ব ১১
আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর- পর্ব ১২
আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর- পর্ব ১৩
আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর- পর্ব ১৪
আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর- পর্ব ১৫
আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর- পর্ব ১৬
আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর- পর্ব ১৭
আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর- পর্ব ১৮
আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর- পর্ব ১৯
প্রকাশিত: রোববার, ২৯ নভেম্বর ২০২৬ খ্রি.














