নবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত আটক

স্টাফ রিপোর্টারঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের পিত্তিতলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত কে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।

আটককৃতরা হলেন-ফরিদপুর জেলার কোতয়ালী উত্তর গোপিনাথপুর এলাকার মৃত ইমান মোল্লার ছেলে বাদশা মোল্লা (২৯)। ফরিদপুরের নগরকান্দা উপজেলার মশাউজান গ্রামের আফতাব মোল্লার ছেলে জাহিদুর রহমান (৪০), ফরিদপুরের নগরকান্দা উপজেলার গজগাহ গ্রামের মৃত পাচু মন্ডলের ছেলে রেজাউল মন্ডল (২৮) ও রাকিব মন্ডল (২২)।

নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম লিটু জানান,বুধবার ভোর ৫টার দিকে নবাবগঞ্জ থানার বারুয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এস আই মো. মোস্তফা কামাল সহ সঙ্গীয় অফিসার ও ফোর্স রাত্রী কালীন ডিউটি করছিলেন। গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে পারেন যে পিত্তিতলা খালপাড় এলাকার জসিম উদ্দিনের বাড়ির সামনের রাস্তায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তারা। তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাদশা মোল্লা (২৯), জাহিদুর রহমান (৪০), রেজাউল মন্ডল (২৮), রাকিব মন্ডল (২২) কে আটক করা হয়।

সে সময় একজন অজ্ঞাত ডাকাত পালিয়ে যায়। তারা সবাই বান্দুরা পিত্তিতলা এলাকায় ভাড়া থাকতেন।

ওসি সিরাজুল ইসলাম আরও জানান, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ডাকাত দলের নিকট হতে ২টি খেলনা পিস্তল, ১টি ডেগার, ৩টি চাপাতি, ১টি চাকু, ১টি কাটার, ১টি হাতুড়ি, ২টি চাইনিজ কুড়াল, ৪টি টর্চ লাইট, ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এই ঘটনায় নবাবগঞ্জ থানায় ৩৯৯/৪০২ ধারায় মামলা হয়েছে।

You might like