
নিউজ ডেস্ক :
বিভিন্ন জেলার হাসপাতালে নভেল করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত সন্দেহে ভর্তি রোগীরা পালিয়ে যাচ্ছেন। এমনকি হাসপাতাল থেকে ছেড়ে না দিলে আত্মহত্যার হুমকিও দিচ্ছেন কেউ কেউ। স্বাস্থ্যকর্মীরা বলছেন, সচেতনতার অভাব ও সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে এমনটা করছেন তারা। হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে পুলিশ মোতায়েনের কথা ভাবছে কর্তৃপক্ষ।

রাজধানীর একটি হাসপাতাল থেকে মঙ্গলবার পালিয়ে রাজবাড়ী যান করোনাভাইরাসে আক্রান্ত এক নারী ও তার স্বামী। বুধবার পুলিশ তাদের আটক করে সদর হাসপাতালের আইসোলেশনে পাঠায়।
পাবনা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সোমবার এক যুবকের নমুনা সংগ্রহ করা হয়। রিপোর্ট আসার আগেই পালিয়ে যান তিনি। কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকেও পালিয়েছেন সৌদিফেরত এক ব্যক্তি।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস ইউনিট থেকে পালিয়েছেন দুইজন। এক রোগী হুমকি দিয়েছেন তাকে ছেড়ে না দিলে আত্মহত্যা করার।
হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া রোগীদের মাধ্যমে করোনার সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা।










