
তাপস কুমার মজুমদার, ভোলা প্রতিনিধি :
ভোলা সদর ও মনপুরা উপজেলায় ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে আরও ৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে ভোলা সদরে উপজেলায় ৪ জন ও মনপুরা উপজেলায় ২ জন।

শনিবার (১৬ই মে) রাত সাড়ে ৯টায় ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত বৃহস্পতিবার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। এ নিয়ে ভোলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬ জনে।

সিভিল সার্জন আরও জানান, ভোলা সদর উপজেলায় আক্রান্তদের মধ্যে কাজী ফার্ম ইন্ডাস্ট্রিজে কর্মরত ২ জন, সার্কিট হাউজ সংলগ্ন এলাকায় একজন ও একজন ব্যাংক কর্মকর্তা শহরের পুরাতন যুগীরঘোল এলাকার বাসিন্দা। এদের শারীরিক অবস্থা বুঝে স্বাস্থ্য বিভাগ পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানান তিনি।
অপরদিকে, মনপুরার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহমুদুর রশিদ জানান, মনপুরায় আক্রান্তদের মধ্যে একজন দক্ষিণ সাকুচিয়া ও অপরজন হাজিরহাট ইউনিয়নের বাসিন্দা। আক্রান্ত এই দুই ব্যক্তিকে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন ইউনিটে রাখা হবে বলে জানান তিনি।








