৯৯৯ এ ফোন পেয়ে কর্মহীন ব্যক্তির ঘরে খাবার পৌঁছে দিলেন ওসি স্বপন কুমার আইচ

হারুন অর রশিদ :

চাঁদপুরে ৯৯৯ এ ফোন পেয়ে মহামারি করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন ব্যক্তির ঘরে খাবার পৌছে দিয়ে মহানুভবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জেলার মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ।

থানার পুলিশ কর্মকর্তা (ডিউটি অফিসার) বলেন, গত শুক্রবার রাত ১০টায় সরকারি হেল্প লাইনের ৯৯৯ নম্বরে একটি কল রিসিভ করতেই ডিউটি অফিসার অপর প্রান্ত থেকে তার নিজের পরিচয় ও ঠিকানা দিয়ে ওই কর্মহীন ব্যক্তি জানান, তিনি ৩ দিন ধরে আমার ঘরে কোন খাবার নেই। পরিবারের লোকজনদের নিয়ে না খেয়ে আছি। আমাকে যেন কিছু খাদ্যসামগ্রী দেওয়া হয়।

শুক্রবার ২৯ মে ওই কর্মহীন ব্যক্তির ৯৯৯ নম্বরের হেল্প লাইনের ফোন পেয়ে দায়িত্বরত ডিউটি অফিসার তাৎক্ষনিক বিষয়টি তাঁর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে জানালে তিনিও ওই ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলেন।

এরপর ওই মহানুভব ওসি স্বপন কুমার আইচ ব্যক্তিগত উদ্যোগে চাল, ডাল, আলু, তেল, লবণসহ আরও কিছু খাদ্যসামগ্রী কিনে ওই রাত ১১টায় ওই কর্মহীন ব্যক্তির বাড়িতে গিয়ে পৌঁছে দেন। ওই ব্যক্তির বাড়ি উপজেলার বোয়ালিয়া এলাকায়। তিনি দিনমজুরের কাজ করেন। মা-বাবা, স্ত্রী ও দুই ছেলেমেয়ে নিয়ে তাঁর সংসার।

ওসি স্বপন কুমার আইচ বলেন, ওই দিনমজুর তাঁর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। করোনাভাইরাস পরিস্থিতিতে অনেক দিন ধরে কর্মহীন। শারীরিকভাবেও অসুস্থ। আয়-রোজগার ও জমিজমা নেই।

তিন দিন ধরে তাঁর ঘরে খাদ্যসামগ্রী ছিল না। ছেলেমেয়ে, স্ত্রী ও বৃদ্ধ মা-বাবা নিয়ে না খেয়ে ছিলেন। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চান।

ওই ব্যক্তি মুঠোফোনে মহানুভব ওসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, লকডাউন শুরুর পর থেকে কার্যত তিনি বেকার। শরীর অসুস্থ থাকায় কয়েক দিন ধরে কাজও করতে পারছেন না।

রোজগার না থাকায় ৬ সদস্যের পরিবার নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন। থানা থেকে খাদ্যসামগ্রী পেয়ে খুব স্বস্তি লাগছে তাঁর এবং তার পরিবারের। অন্তত আগামী কয়েকটা দিন ৩ বেলা পেট পুরে খেতে পারবো।

You might like