

শেরপুর প্রতিনিধিঃ শেরপুর সদর উপজেলার ১ নং কামারের চর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ২৬ এপ্রিল সোমবার ডুবারচরের অসহায় দুজন কৃষকের প্রায় সারে ৪ বিঘা জমির পাকা ধান কেটে দেয়া হয়েছে।
কামারের চর ইউনিয়নের ডুবারচর গ্রামের আকন্দতলা বিলে কৃষক আপেল মিয়া ও হামিদুর রহমান এবার প্রায় সারে চার বিঘা জমিতে বোর ধান চাষ করেছিলেন। তারা জানান করোনা মহামারির ফলে লকডাউনের থাকায় অন্যান্য আয়ের উৎস বন্ধ থাকায় ধান কাটা ও মাড়াইয়ের খরচ নিয়ে তারা দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন।

কয়েকদিন আগেই ক্ষেতের ধান কাটার উপযোগী হলেও অর্থাভাবে তা কাটতে পারছিলেন না তারা । অন্যদিকে এই মৌসুমে যেকোন সময় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকায় তারা ছিলেন দিশেহারা ।
এই সম্পর্কে বাংলাদেশ আওয়ামী যুবলীগের শেরপুর জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান হাবিবকে কামারের চর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আঃ রহমান ও সাধারণ সম্পাদক মোরাদোজ্জামান গতকাল অবগত করলে আজ সকালে হাবিবুর রহমানের নেতৃত্বে আপেল মিয়ার প্রায় ৩ বিঘা ও হামিদুর রহমানের ১.৫ বিঘা জমির ধান স্বেচ্ছাশ্রমে কেটে গোলায় তুলে দেয়া হয়।
শেরপুর জেলা যুবলীগের সভাপতি আমাদের জানান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল সারা বাংলাদেশের যুবলীগের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছে এই মহামারির সময় অসহায় কৃষকদের পাশে দাড়াতে, আমরা বা আমাদের যুবলীগ নেতার প্রস্তুত রয়েছে।










