

অক্সিজেন
এই, এই্মাত্র একটা সিলিন্ডারের অক্সিজেন শেষ
বিশ্বাস করেন-
অনেক অনুনয় বিনয় করে এই একটা অক্সিজেন সিলিন্ডার
আমি সংগ্রহ করেছিলাম,আমার মায়ের জন্য
আমার অনেক অর্থ বিত্ত বৈভব রয়েছে
কিন্তু এতটুকু অক্সিজেন নেই
যা মাকে দেবার-

আমার মা মৃত্যুশয্যায় হাসপাতালে ছটফট করছে
এ যন্ত্রণা আমি সহ্য করতে পারব না,
ডাক্তার, প্লিজ একটা কিছু করেন-
আর একটা অক্সিজেন সিলিন্ডার
এভাবেই অনুনয় বিনয় করেছি
ডাক্তার নিরুপায়, হাসপাতাল কর্তৃপক্ষ নিরুপায়
আমার পৃথিবীর সব আলো নিভে যাচ্ছে
হে ঈশ্বর! একটু দয়া কর-
মাত্র একটা অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন
আমি এখন উদ্ভ্রান্তের মত খুজঁছি
একটা সিলিন্ডার,অক্সিজেন সিলিন্ডার
অক্সিজেন এত দামী কখনও বুঝিনি
চারিদিকে এত বাতাস, রিমঝিম, রিমঝিম করে বয়ে চলছে
কখনও ঝড়ো বেগে বয়ে চলছে ঝড় বাতাস
কিন্তু এতে কি কোন অক্সিজেন নেই
করোনা! নিষ্ঠুর করোনা!
আমার অর্থ সম্পদের মূল্যকে শূন্যে নামিয়ে দিল
আমার দাম্ভিক অংহকারকে চূর্ণ করে দিল
সামান্য একটু বাতাস একটা জীবনকে কিভাবে বাঁচিয়ে রাখে!
সেটা টের পাইয়ে দিচ্ছে প্রতিটি সেকেন্ডে-
আমরা কতইনা বোকা,এখন বুঝছি
একটু বাতাস ধরতে পারি না
কিসের এত অহংকার নিয়ে আমাদের বাঁচা
আমার বোধগম্য হচ্ছে না আজ
এই-যে, এইযে ভাই
একটা সিলিন্ডার,অক্সিজেন সিলিন্ডার
জোগাড় করে দিতে পারবেন?
না না সবাই না বলছে
এই না আর শুনতে ইচ্ছে করছে না
দ্বারে দ্বারে আর কত দ্বারে ঘুরব আমি!
কোন দেবদূত কি নেই এই ধরাতে
একটা অক্সিজেন সিলিন্ডার দিয়ে
আমার মাকে বাঁচাতে–
এই তো পেয়েছি আর একটা সিলিন্ডার
ধন্যবাদ ডাক্তার,ধন্যবাদ হাসপাতাল
ধন্যবাদ হে ঈশ্বর-
মাকে বাঁচাতে এই একটি সিলিন্ডারের,
অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন ছিল
দ্বিতীয় অক্সিজেন সিলিন্ডারে
আবারও মাকে বাচাঁনোর চেস্টা—










