

মোঃ হানিফা মোল্লা, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুর জেলার শিবচরে অনলাইন ব্যবসার নামে প্রতারণার মামলায় স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ।

জানা যায় তাদের শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের ঝাউকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- ওই গ্রামের আব্দুস সালাম মাদবরের ছেলে কামাল হোসেন (৪০) তার স্ত্রী ফাহিমা আক্তার (৩৮)।
জানা গেছে, ‘এ্যামাজন ক্রাউন ইম্পেরিয়াল’ নামক একটি অনলাইন কোম্পানিতে টাকা বিনিয়োগ করলে ২১ দিনে দিগুন টাকা দেওয়া হয় বলে লোভনীয় বিজ্ঞপ্তি প্রচার করে একটি চক্র। এ চক্রের ফাঁদে পড়ে কামাল হোসেন ও তার স্ত্রীর সহযোগিতায় প্রথমদিকে বেশ কয়েকজনকে ২১ দিনে দিগুণ টাকা ফেরত দিয়ে আস্থা অর্জন করে। বিনিয়োগকারীদের সংখ্যা ও বিনিয়োগের পরিমাণ কয়েক কোটি হয়ে যাওয়ার পর গত ৭ জুলাই থেকে হঠাৎ অনলাইন সাইটটি বন্ধ হয়ে যায়। এতে বিনিয়োগকারীদের সন্দেহ হলে কয়েকজন বিনিয়োগকারী রাতে প্রতারক কামাল হোসেন ও তার স্ত্রী ফাহিমা আক্তারকে আটক করে পুলিশে খবর দেয়।
পরে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল থেকে কামাল ও তার স্ত্রীকে থানা নিয়ে আসে। একই সঙ্গে জাকির হোসেন নামে এক ভুক্তভোগী, আটক দুইজনসহ মোট ৭জনের নামে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়েরও করেন।

শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) সিদ্ধার্থব্রত কুন্ডু জানান, অনলাইন ব্যবসার নামে প্রতারণার এই ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও ব্যাংক একাউন্টের চেক জব্দ করা হয়। এই ঘটনায় বাকি ধরতে অভিযান চলছে।










