বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলীর ইন্তেকাল, শেরপুর জেলা বিএনপির শোক

শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হযরত আলী জানান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব ব্যারিস্টার মুহাম্মদ হায়দার আলী ২৪ জুলাই রাত ১০ টা ০৫ মিনিটে ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন। লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ব্যারিস্টার এম হায়দার আলী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন শেষে ২০০৮ সালে তথ্য মন্ত্রণালয়ের সচিবের পদ থেকে অবসরে যান।

কর্মজীবনে হায়দার আলী সরকারের তথ্য, বস্ত্র ও পাট, মহিলা ও শিশু, পরিবেশ ও বন এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন। তিনি টিমলিডার হিসেবে ফিলিপাইন, থাইল্যান্ড, ফ্রান্স, কেনিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কেনিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স ও মাস্টার্স করে লন্ডন থেকে আইনের ওপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তার ৩ সন্তানের প্রত্যেকেই ব্যারিস্টার।

শেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক গভীর শোক প্রকাশ করেন এবং মহান সৃষ্টি কর্তা যেন মরহুম কে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করে এই কামনা করেন ।

You might like