সিদ্ধিরগঞ্জে ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন, স্ত্রী গ্রেফতার

প্রিয় সময় নিউজ ডেস্ক :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঘুমের মধ্যে ব্লেড দিয়ে স্বামীর বিশেষ অঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি সিআই খোলা এলাকার বাদশার বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত স্ত্রীর নাম নাদিয়া ইশরাত শিলা (২৫)। তিনি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার নাওডোবা এলাকার মৃত ইউসুফ মোল্লার মেয়ে। এবং ভুক্তভোগী স্বামীর নাম মো. রিপন (৩০)। শিলা তার স্বামী রিপনের সঙ্গে সিদ্ধিরগঞ্জের মিজমিজির সিআই খোলা এলাকার বাদশার বাড়িতে ভাড়া থাকতেন।

এ ঘটনায় রাতেই শিলাকে আসামি করে ভুক্তভোগী রিপনের মা মমতাজ বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। পরে পুলিশ শিলাকে গ্রেফতার করে।

মামলার এজাহারে রিপনের মা উল্লেখ করেন, তার ছেলে রিপন হঠাৎ ঘুম থেকে উঠে দেখেন তার পরনের লুঙ্গি ভেজা এবং বিশেষ অঙ্গ দিয়ে রক্ত বের হচ্ছে। তার স্ত্রী রুমে নেই। তখন তিনি রুমের লাইট জ্বালিয়ে দেখেন তার বিশেষ অঙ্গ কাটা-বিচ্ছিন্ন। এ সময় তার চিৎকারে পাশের কক্ষের ভাড়াটিয়া এসে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং আশপাশের লোকজন তার স্ত্রী শিলাকে আটক করে পুলিশে দেয়।

পুলিশ জানায়, অভিযুক্ত নাদিয়া ইশরাত শিলা পূর্ব-আক্রোশ থেকে ধারালো ব্লেড দিয়ে ঘুমন্ত স্বামী রিপনের বিশেষ অঙ্গ কেটে গুরুতর জখম করেন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা গ্রহণ করে আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

You might like