

দিনাজপুর প্রতিনিধি :
বাংলাদেশে পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রোটারি ক্লাব অব ইকো ঢাকা ও দেশের আরও ৫০টি রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে চলমান “প্রকৃতিযাত্রা” এখন দিনাজপুরে পৌঁছেছে। রোববার (২৪ আগস্ট ২০২৫) দিনাজপুরের স্কলারস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে পরিবেশ র্যালির মধ্য দিয়ে এ আয়োজনের সূচনা হয়।

সকাল ১০টায় পরিবেশ সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণ করেন শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও সাধারণ মানুষ। সকাল ১১টায় শিশুদের অংশগ্রহণে পরিচ্ছন্নতার খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া ছাত্র-ছাত্রীদের নিয়ে পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতা, বৃক্ষরোপণ কর্মসূচি, দুপুর আড়াইটায় কৃষকদের সঙ্গে বিষমুক্ত চাষাবাদ নিয়ে মতবিনিময়, বিকেলে প্রকৃতি পাঠাগার গঠন এবং শিশুপার্ক প্রাঙ্গণে প্রাণ-প্রকৃতি বিষয়ক লোকগানের আসর আয়োজন করা হয়।
প্রকৃতিযাত্রার এ আয়োজন দেশের ৬৪ জেলাতেই অনুষ্ঠিত হবে এবং আগামী ৩০ নভেম্বর কক্সবাজারের টেকনাফে গিয়ে শেষ হবে।
দিনাজপুরের এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রকৃতিযাত্রার প্রকল্প প্রধান রোটারিয়ান সাইফুল ইসলাম (শামীম), রোটারি ক্লাব অব দিনাজপুরের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুস সালাম তুহিন, রঞ্জিত কুমার সিংহ ও আরিফুর রহমান, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান এ্যাডভোকেট হুসনাউল আসমা, সামাজিক সংগঠন ভাবনার কর্ণধার মোস্তাফিজুর রহমান রূপম, স্কলারস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাদেকুর রহমান, সাংস্কৃতিক কর্মী চন্দনসহ ইন্টার্যাক্ট ক্লাব অব ইকো ঢাকার সদস্যরা।
সোমবার, ২৫ আগস্ট ২০২৫
শেয়ার করুন











