

দিনাজপুর প্রতিনিধি :
তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্যসচিব অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, এলএনজি, পারমাণবিক চুক্তি শেখ হাসিনা করেছিলেন, বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারও তা অব্যাহত রেখেছে। তিনি অভিযোগ করে বলেন, শেখ হাসিনার সরকার যে বিদেশি কোম্পানিকে চট্টগ্রাম বন্দর দেওয়ার কাজ শুরু করেছিল, সেই বিদেশি কোম্পানিগুলোকেই বর্তমান সরকার টেন্ডার ছাড়াই জনগণের সম্মতি উপেক্ষা করে চট্টগ্রাম বন্দর তুলে দিচ্ছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে দিনাজপুরের ফুলবাড়ীতে ফুলবাড়ী ট্রাজেডি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক আনু মোহাম্মদ আরও বলেন, ফুলবাড়ীর গণআন্দোলন শুধু একটি এলাকার আন্দোলন ছিল না; এটি ছিল জাতীয় সম্পদের ওপর জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। ফুলবাড়ীর ঐতিহাসিক ৬ দফা চুক্তি বাস্তবায়ন করে জীববৈচিত্র ধ্বংসকারী প্রকল্প বন্ধ করার দাবি জানাচ্ছি।
তিনি অভিযোগ করেন, ফুলবাড়ীবাসীর সঙ্গে সম্পাদিত ৬ দফা চুক্তি দীর্ঘদিন ধরে ঝুলে আছে, আজও বাস্তবায়ন হয়নি। বরং আন্দোলনকারী নেতাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তিনি এসব মামলা প্রত্যাহারের পাশাপাশি ৬ দফা চুক্তি বাস্তবায়নের জোর দাবি জানান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক টিপু বিশ্বাস, ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র মাহমুদ আলম লিটন, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য মোশারফ হোসেন নান্নু, বাসদের কেন্দ্রীয় নেতা সাইফুর ইসলাম পল্টু, সিপিবি দিনাজপুর জেলা নেতা সমভোশ শীল প্রমুখ।
মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
শেয়ার করুন













