দিনাজপুরে খেলাফত মজলিসের কর্মী সম্মেলনে রেজাউল করিম দাড়ি-টুপি পরিহিতদের ভিলেন বানানো হয়েছে

দিনাজপুর প্রতিনিধি :

বাংলাদেশ খেলাফত মজলিসের দিনাজপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম বলেছেন, “দাড়ি-টুপি পরিহিতদের সব সময় ভিলেন হিসেবে উপস্থাপন করা হয়েছে। সব দলে লুটেরা-বাটপার রয়েছে, কিন্তু ইসলামী দলে নেই। সংসদ পর্যন্ত না পৌঁছালে খেলাফত প্রতিষ্ঠা সম্ভব নয়। আর রাজনীতি করার অধিকার আমাদেরও রয়েছে।”

বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর ২০২৫ দিনাজপুর শহরের লালুপাড়া নাজমা গার্ডেনের হলরুমে বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর পৌর শাখার আয়োজনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমাদের কোনো বিদেশী প্রভু নেই। আমরা বাঁচলেও দেশে বাঁচব, মরলেও দেশেই মরব। ক্ষমতায় গেলে বিদেশে অর্থ পাচার করব না, বাড়ি-গাড়ি করব না এবং ক্ষমতার পালা বদলের সঙ্গে বিদেশেও পালাব না।”

দিনাজপুর পৌর শাখার সভাপতি হাফেজ মাওলানা আমিরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জোবায়ের সাঈদ। তিনি বলেন, “শুধু ধর্মীয় বিধিবিধান নয়, দেশের সার্বিক বিষয়েও আমাদের কথা বলতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে, তাদের প্রয়োজনের কথা বলতে হবে। তবেই মানুষ আমাদেরকে গ্রহণ করবে।”

অনুষ্ঠানে হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন ও হাফেজ আসাদুজ্জামানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন মাওলানা মোশাররফ হোসাইন, মুফতি মোহাম্মদ নূরুল করিম, আ.স.ম শামসুল বারী, হাফেজ মাওলানা রাসেল ইসলাম, হাফেজ মাওলানা ফয়জুল্লাহ বুলবুল, হাফেজ আব্দুল ওয়াহিদ শাহ, মাওলানা লিয়াকত আলী ও মুফতি আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

শেয়ার করুন
প্রিয় সময় ডট কম

You might like