

মাকসুমুল মুকিম :
ঢাকার দোহার উপজেলায় বিএনপি নেতা ও শিক্ষক হারুন অর রশিদ, যিনি হারুন মাস্টার নামে পরিচিত, হত্যার অভিযোগে শ্যুটার শরীফ ও তার সহযোগী আল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২০২৫ সালের ০২ জুলাই বুধবার ভোর সাড়ে ৬টার দিকে অজ্ঞাত সন্ত্রাসীরা নয়া বাড়ি ইউনিয়নের সাবেক এই সভাপতি ও বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষককে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। চিকিৎসকদের দ্বারা মৃত ঘোষণা করা হয় তাকে। নিহতের ভাই আব্দুল মান্নানের দায়ের করা হত্যা মামলায় সাতজন নামীয়সহ ১০-১৫ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
ঢাকা জেলার পুলিশ সুপারের নির্দেশনায় দোহার থানার পুলিশ একটি বিশেষ টিম গঠন করে তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ ও তথ্য-প্রযুক্তির মাধ্যমে ০৯ সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটনের এলাকা থেকে প্রধান আসামী শরীফ ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের পরিকল্পনা সম্পর্কে তথ্য প্রদান করে। শ্যুটার শরীফের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় হত্যাচেষ্টার মামলা ও মতিঝিল থানায় অস্ত্র আইনের মামলা বিচারাধীন রয়েছে। এখন পর্যন্ত হত্যা মামলায় মোট ৪ জন আসামি গ্রেপ্তার হয়েছে এবং মূল পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ব্যবহৃত অস্ত্র উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫













