

লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটে তিস্তা নদীর পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় তিস্তায় পানি বেড়েছে ৩০ সেন্টিমিটার। এতে করে নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে দেখা দিয়েছে আতঙ্ক। পানি উন্নয়ন বোর্ড বলছে, যদি এমনভাবে পানি বাড়তেই থাকে, তাহলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে।

রোববার বিকাল তিনটায় লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তায় এমন পানি বাড়ার গতি উদ্বেগজনক হারে চলমান রয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার রাত থেকেই তিস্তার পানি বাড়তে শুরু করেছে। নদীর পাশের গ্রামগুলোতে পানি ঢুকে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। অনেক এলাকায় ফসলি জমিতে ইতিমধ্যে পানি ঢুকতে শুরু করেছে।
পাউবো সূত্রে জানা যায়, উজান থেকে টানা বর্ষণ এবং হিমালয়ের বরফ গলে আসা পানির কারণে নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। তবে এখনও বিপৎসীমা অতিক্রম করেনি। তিস্তায় বর্তমানে প্রতি সেকেন্ডে কয়েক হাজার কিউসেক পানি প্রবাহিত হচ্ছে। ফলে তিস্তাপাড়ের উপজেলা হাতিবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী ও সদর অঞ্চলের নিম্নাঞ্চলগুলো বন্যার ঝুঁকিতে রয়েছে।
এদিকে, তিস্তা নদী ফুঁসে উঠায় তিস্তাপাড়ের নিম্নাঞ্চল ও চরবেষ্টিত গ্রামে বসবাস করা কৃষক পরিবারের মাঝে চিন্তার ভাজ পড়েছে। গত আগস্ট মাসের তিন দফায় তিস্তার বন্যায় এ সকল পরিবারের বোনা আমন ধানের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়। পানি নেমে গেলে সেখানে তারা পুনরায় আমন চারা রোপণ করেছে। এখন পুনরায় তিস্তায় বন্যা হানা দিলে কৃষি পরিবারগুলো পথে বসবে বলে জানিয়েছেন তারা।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার জানান, বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বাড়ছে। রোববার দুপুর ৩টায় ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫











