

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় অবস্থিত আছাদনগর ফাজিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর সহায়তা ট্রাস্টের উপবৃত্তি বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী ব্যতীত অধিকাংশ শিক্ষার্থী উপবৃত্তি থেকে বঞ্চিত হয়েছে।

শিক্ষার্থীরা জানায়, এ বিষয়ে শিক্ষকদের কাছে জানতে চাইলে তারা স্পষ্ট কোনো উত্তর না দিয়ে এড়িয়ে যান। অনেক সময় শিক্ষকরা বলেন, এটা বলতে লজ্জা হয় না তোমাদের—এমন মন্তব্য করায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে।
এছাড়া জানা যায়, মাদ্রাসার অফিস সহকারী প্রায়শই অনুপস্থিত থাকেন। এর ফলে উপবৃত্তি বণ্টনের প্রক্রিয়ায় জটিলতা ও অনিয়ম দেখা দিয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, অফিস সহকারীর এই দায়িত্বহীনতার কারণে উপবৃত্তি বণ্টন আরও অস্বচ্ছ হয়ে উঠেছে।
অভিযোগ রয়েছে, শুধু উপবৃত্তি নয়, সরকারি অন্য কোনো বিষয়ও মাদ্রাসা কর্তৃপক্ষ গুরুত্ব সহকারে দেখছে না। ফলে শিক্ষার্থীরা বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
শিক্ষার্থীরা প্রশাসনের কাছে তিন দফা দাবি উত্থাপন করেছে—
১. উপবৃত্তি বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করা,
২. শিক্ষকদের অনিয়ম ও অফিস সহকারীর দায়িত্বহীনতার সুষ্ঠু তদন্ত করা,
৩. ভবিষ্যতে কোনো শিক্ষার্থী যাতে বঞ্চিত না হয় সে ব্যবস্থা গ্রহণ করা।
তারা দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।











