

দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর জেলা পুলিশের ট্রাফিক প্রসিকিউশন জরিমানা আদায় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কমিউনিটি ব্যাংকের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে জেলা পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর কমিউনিটি ব্যাংক শাখা কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। এতে দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ মারুফাত হোসাইন এবং ব্যাংকের পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ড ডিভিশন ইনচার্জ জহির আহম্মেদ স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (কারেন্ট চার্জ) কিমিয়া সাদ্দাত, হেড অব কর্পোরেট ও ব্রাঞ্চ বিজনেস মোঃ আরিফুল ইসলাম, এমডি কো-অর্ডিনেশন টিম ও হেড অব এডিসি মোঃ মামুনুর রহমান, রানীরবন্দর শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মুনির উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ সুপার মারুফাত হোসাইন বলেন, ট্রাফিক মামলার জরিমানা প্রদানে যাতে জনসাধারণ ভোগান্তি বা হয়রানির শিকার না হন, সে জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। এখন থেকে গ্রাহকরা ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়েও জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের এমডি কিমিয়া সাদ্দাত জানান, পূর্বে শুধুমাত্র ইউসিবি ব্যাংকের উপায় অ্যাপের মাধ্যমে ট্রাফিক জরিমানা পরিশোধ করা যেত। তবে নতুন এ চুক্তির মাধ্যমে এখন দেশের সব ব্যাংকের ডেবিট/ক্রেডিট কার্ড, বিকাশ, রকেটসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্স ও পেমেন্টস অ্যাপ ব্যবহার করে জরিমানা পরিশোধ করা যাবে। এতে গ্রাহক ভোগান্তি অনেকাংশে কমবে। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫













