

দিনাজপুর প্রতিনিধি :
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া।

দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। র্যালিতে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মো. আনিছুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ শাহীন সুলতানা, বন বিভাগের সহকারী বন সংরক্ষক নুরুন্নাহারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠন ও এনজিও প্রতিনিধিরা।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর বড় মাঠে গিয়ে শেষ হয়, যেখানে আয়োজিত হয় আলোচনা সভা ও দুর্যোগ বিষয়ক মহড়া। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন এবং সভাপতিত্ব করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মো. আনিছুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. ফজলুর রশিদ।
সভায় বক্তারা দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা, প্রস্তুতি এবং সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, দুর্যোগ প্রশমনে সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি সাধারণ জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আলোচনা সভার পূর্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তত্ত্বাবধানে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়, যা উপস্থিত শিক্ষার্থী ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। মহড়াটি উপস্থাপনা করেন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. আব্দুল মালেক।
এই আয়োজনের মাধ্যমে দিনাজপুরে দুর্যোগ সচেতনতা ও প্রস্তুতির বার্তা ছড়িয়ে পড়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হবে।
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫















