দোহারে শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা):

ঢাকার দোহার উপজেলার শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ে গুড নেইবার্স বাংলাদেশ দোহার সিডিপির উদ্যোগে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার দিনব্যাপী এই মেলায় দোহারের চারটি উচ্চমাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে, যেখানে তারা বিভিন্ন উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর প্রকল্প উপস্থাপন করে।

মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় সকাল ১১টায়। উপস্থিত ছিলেন গুড নেইবার্স বাংলাদেশ দোহার সিডিপির প্রকল্প ব্যবস্থাপক বিমল গোলদার, সহকারী ব্যবস্থাপক উৎসব বৈরাগী এবং সহকারী অফিসার জনাব ম্যাথিউ সুজন মণ্ডল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী।

শুভেচ্ছা বক্তব্যে জনাব বিমল গোলদার বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহ তৈরির গুরুত্ব তুলে ধরেন। এরপর উৎসব বৈরাগী শিক্ষার্থীদের প্রজেক্ট পর্যবেক্ষণ করে তাদের উৎসাহিত করেন। অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে প্রকল্পগুলোর মানোন্নয়ন সম্পর্কে গঠনমূলক মতামত দেন।

ঐতিহ্যবাহী বিজ্ঞান মেলায় প্রতিবেশী যুব সংস্থার সভাপতি মুক্তার খান ও সহ-সভাপতি হামিম খান উপস্থিত ছিলেন। তারা এই উদ্যোগকে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে অমূল্য গুরুত্ব দেন।

উক্ত মেলায় চারটি স্কুল অংশ নিয়ে চিত্তাকর্ষক বিজ্ঞান প্রজেক্ট উপস্থাপন করে, এবং তিন সদস্যের বিচারক মণ্ডলী তাদের পর্যবেক্ষণ ও মূল্যায়নের ভিত্তিতে পুরস্কার নির্ধারণ করেন। অংশগ্রহণকারী খুদে বিজ্ঞানীরা জানান, ভবিষ্যতে তারা আন্তর্জাতিক অঙ্গনে বিজ্ঞানচর্চায় অবদান রাখতে চান।

শেষে, পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিজ্ঞান মেলার সমাপ্তি ঘোষণা করেন বিমল গোলদার ও আইয়ুব আলী। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এই বিজ্ঞান ও প্রযুক্তিমুখী উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, গবেষণামুখী শিক্ষা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

১৯ নভেম্বর ২০২৫

You might like