

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা):
ঢাকার দোহারে ইউনিভার্সাল চিলড্রেনস ডে পালিত হয়েছে।

গত ২০ ই নভেম্বর ( বৃহস্পতিবার) কিডস কেয়ার একাডেমি প্রাঙ্গণে গুড নেইবার্স বাংলাদেশ—দোহার সিডিপি এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ ইউনিভার্সাল চিলড্রেনস ডে উদযাপিত হয়েছে। কোমলমতি শিশুদের অংশগ্রহণে দিনব্যাপী নানা অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
দিনটির উদ্বোধন করেন গুড নেইবার্স বাংলাদেশ, দোহার সিডিপির প্রকল্প ব্যবস্থাপক বিমল গোলদার। এ সময় উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থাপক (সিডিপি প্রোগ্রাম) উৎসব বৈরাগী এবং সহকারী কর্মকর্তা (সিডিপি প্রোগ্রাম) ম্যাথিউ সুজন মণ্ডল।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শিশুরা তাদের অধিকার সম্পর্কিত নানা বার্তা সংবলিত প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে এবং সাধারণ জনগণকে শিশু অধিকার সম্পর্কে সচেতন করার চেষ্টা করে।
সকাল ১১টা থেকে শুরু হয় দিনব্যাপী মূল অনুষ্ঠান। শিশুরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে কবিতা আবৃত্তি, উপস্থিত বুদ্ধি পরীক্ষা ও চিত্রাঙ্কনসহ নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এরপর সিডিপি’র Nature and Peace Club–এর সদস্যরা পরিবেশ সুরক্ষা নিয়ে তাদের নিয়মিত কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন এবং শিশুদের পরিবেশ রক্ষা ও দায়িত্বশীলতার বিষয়ে অনুপ্রাণিত করেন।
পরে শিশু অধিকার নিয়ে একটি বিশেষ সেশন পরিচালনা করেন উৎসব বৈরাগী, যেখানে আনন্দঘন কার্যক্রমের মাধ্যমে শিশুদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করা হয়।
অনুষ্ঠানের শেষ ভাগে দোহার সিডিপির Child Right Keepers সদস্যদের নেতৃত্বে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
সমাপনী বক্তব্য প্রদান করেন কিডস কেয়ার একাডেমির প্রধান শিক্ষক মি. মিরাজ। তিনি গুড নেইবার্স বাংলাদেশকে এ ধরনের শিক্ষামূলক ও উৎসাহব্যঞ্জক আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং শিশুদের অধিকার সম্পর্কে সচেতন করতে এ ধরনের উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
২২ নভেম্বর ২০২৫ খ্রি.















