

হিরক খান, মেহেরপুর প্রতিনিধি
নতুন বছরের প্রথম সকালেই কনকনে শীত ও ঘন কুয়াশায় ঢাকা পড়েছে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মেহেরপুর। ভোর থেকে চারপাশে ছিল কুয়াশার চাদর, শীতল হাওয়ায় জনজীবনে নেমে আসে স্থবিরতা। সূর্যের দেখা মিলতে দেরি হওয়ায় সড়ক ও মাঠঘাটে দৃষ্টিসীমা ছিল সীমিত।
তবে প্রকৃতির এই ধোঁয়াশা ভেদ করেই নতুন বছরকে স্বাগত জানিয়েছে মেহেরপুরবাসী। শীতের কষ্টের মাঝেও মানুষের চোখেমুখে ছিল আশার আলো-নতুন বছর নতুন সম্ভাবনার প্রত্যাশা। প্রয়োজন ছাড়া খুব একটা ঘর থেকে বের না হলেও, ঘরোয়া পরিবেশে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটিয়ে, শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয় মানুষ।

শীত ও কুয়াশার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে খেটে খাওয়া মানুষ, কৃষিশ্রমিক ও পথচারীদের ওপর। অনেকেই আগুন পোহাতে দেখা গেছে সড়কের পাশে ও খোলা জায়গায়। শীতবস্ত্রের অভাবে নিম্নআয়ের মানুষের কষ্ট আরও প্রকট হয়ে উঠেছে।
এদিকে আবহাওয়ার এমন অবস্থায় চিকিৎসকরা শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
কুয়াশার ধোঁয়াশা যেমন ধীরে ধীরে কাটে, তেমনি নতুন বছর মেহেরপুরবাসীর জীবনে সব সংকট কাটিয়ে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে-এমন প্রত্যাশাই সবার।
বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬















