

সজীব খান :
পবিত্র রমজান এলেই দেশে যেন প্রয়োজনীয় নিত্যপণ্যের দাম বাড়ে লাফিয়ে লাফিয়ে। অসাধু ব্যবসায়ীদের ষড়যন্ত্রের জাঁতাকলে অসহায় হয়ে পড়ে মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারগুলো। পণ্যের এই লাগামহীন দামের ফলে সারা দিন রোজা রাখার পরও অনেক পরিবারে জোটে না ভালো ইফতারি। তবে এসব অসাধু ব্যবসায়ীর মাঝেও ব্যতিক্রম হলো চাঁদপুরের ফরিদগঞ্জের ক্ষুদ্র ব্যবসায়ী মো. শাহ আলম। টানা চতুর্থ বছরের মতো এবারও তিনি পুরো রমজানে নিত্যপণ্য বিক্রি করবেন। কোনো লাভ ছাড়াই।

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার চরকুমিরা গ্রামের বাসিন্দা মো. শাহ আলম। ওই গ্রামের চালতাতলা সুপার মার্কেটে রয়েছে এ ব্যবসায়ীর মুদি দোকান। তার ছোট মুদির দোকানে রমজানের শুরুতেই ভিড় জমাচ্ছেন আশপাশের কয়েক গ্রামের ক্রেতারা। পণ্য কেনা ও পরিবহন খরচ যোগ করে তিনি ক্রয়মূল্যেই বিক্রি করছেন ছোলা, চিনি, তেল, চিড়া, মুড়ি, খেজুরসহ রমজানের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। বিনা লাভে পণ্য বিক্রি করায় জাতীয় ভোক্তা অধিকারের পুরস্কারও জিতেছে এ ব্যবসায়ী।
শাহ আলম বলেন, ‘চার বছর হলো বিনা লাভে রোজায় পণ্য বিক্রি করা আরম্ভ করেছি। প্রথম দুই বছর ১ টাকা লাভে পণ্য বিক্রি করেছি। গত বছর থেকে বিনা লাভে বিক্রি শুরু করেছি। মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সাড়া পাইতাছি। এলাকার গরিব-দুঃখী মানুষ মাল ক্রয় করে শান্তি পাইতাছে, আমিও বিক্রি করে শান্তি পাই।’
প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি চাই, রমজান এলে আমি যেরকম মালের দাম কমিয়ে দেই, সারা দেশে যতবড় ব্যবসায়ী আছে, তারা যেন রমজান মাস এলে মালের দাম কমিয়ে দেয়। যাতে গরিব-দুঃখী মানুষ মাল ক্রয় করে খাইতে পারে’। রমজানে তার দোকানে নিয়মিত ২০০ থেকে ৩০০ গ্রাহকের জায়গায় ৮০০ থেকে ১ হাজার ক্রেতা আসে বলেও জানান তিনি।
গ্রামের প্রবীণ বাসিন্দা খলিলুর রহমান বলেন, ‘শাহ আলমের দোকান থেকে আমরা সবাই রোজার বাজার খরিদ করি। মানুষ রোজার মাস এলে দ্রব্যমূল্যের দাম অনেক বাড়ায়। কিন্তু আল্লাহর রহমতে শাহ আলম সীমিত ব্যবসা করে’।
আরেক বাসিন্দা লিপি হোসেন বলেন, ‘সব ব্যবসায়ী যদি উনার মতো উদ্যোগ নিতেন, তাহলে সাধারণ মানুষ স্বস্তিতে রমজান কাটাতে পারত’।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান বলেন, ‘রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার করা হবে। কেউ অবৈধ মজুদ বা অতি মুনাফা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি শাহ আলমের মতো উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা দেওয়া হবে’।
প্রকাশিত : বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
















