সিরাজগঞ্জের তাড়াশে এলজিইডির সড়ক সংস্কার ২ বছর ধরে বন্ধ, ১০ কিমি জুড়ে খানাখন্দে জনদুর্ভোগ চরমে

তাড়াশ, সিরাজগঞ্জ থেকে জিল্লুর রহমান:
সিরাজগঞ্জের তাড়াশ-নওগাঁ আঞ্চলিক সড়কের মেরামত কাজ শুরুর পর প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। ফলে ১০ কিলোমিটার দীর্ঘ সড়কটি খানাখন্দে বেহাল হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী, যাত্রী ও চালকরা।

সরেজমিনে দেখা গেছে, মহিষলুটি বাজারের দক্ষিণে প্রায় চার কিলোমিটার অংশের অবস্থা সবচেয়ে নাজুক। সড়কের ওপর বড় বড় গর্তে পানি জমে আছে। কোথাও আবার কাদা-পানিতে একাকার। যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটেও চলাচল কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

ট্রাকচালক রমজান আলী বলেন, “সড়কের অবস্থা এতটাই খারাপ যে গাড়ি নিয়ে চলাচল করা মানে মৃত্যুর মুখে পড়া। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজারো কৃষক, শ্রমিক, স্কুল-কলেজের শিক্ষার্থী চলাচল করে। ঢাকা থেকে রাজশাহী যাওয়ার সংযোগস্থল মহিষলুটি বাজারে পৌঁছানোর একমাত্র পথও এই সড়কটি।”

এ বিষয়ে তাড়াশ উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আবু সাঈদ জানান, “তাড়াশ-নওগাঁ আঞ্চলিক সড়কটির সংস্কার কাজ প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে। তবে সড়কটি নতুন করে মেরামতের জন্য দরপত্র প্রক্রিয়ার প্রস্তুতি চলছে। আমরা যত দ্রুত সম্ভব কাজ শুরুর চেষ্টা করছি।”

এলাকাবাসীর দাবি, বর্ষা মৌসুম শুরুর আগেই সড়কটি দ্রুত মেরামত করে জনদুর্ভোগ লাঘব করা হোক।

প্রকাশ: ৬ মে ২০২৬, মঙ্গলবার 

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy