সুনামগঞ্জের পাইকুরাটিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিক্ষোভ মিছিল

মোঃ শহীদুল ইসলাম, ধর্মপাশা (সুনামগঞ্জ) :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বরাদ্দকৃত মানবিক সহায়তার কার্ড বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় কৃষকরা।

শুক্রবার (৫ জুন) দুপুর ১২টার দিকে ইউনিয়নের বড়খলা গ্রামের সড়কে বড়খলা গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন বড়খলা গ্রামের কৃষক আলী উসমান, আব্দুল মালেক, বাবুল মিয়া, রিপন, লোকমান ও শফিকুল। এছাড়া জিংলীগড়া গ্রামের আবদাল হক, বাশার, রুখন ও সবুজ মিয়াসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, অতিবৃষ্টির কারণে তাদের ফসলের ব্যাপক ক্ষতি হলেও প্রকৃত ক্ষতিগ্রস্ত অনেক কৃষক মানবিক সহায়তার কার্ড পাননি। তালিকা প্রণয়নের ক্ষেত্রে স্বজনপ্রীতি ও বৈষম্য করা হয়েছে বলে তারা দাবি করেন। তারা দ্রুত তালিকা পুনর্বিবেচনা করে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের অন্তর্ভুক্ত করার দাবি জানান।

বক্তারা বলেন, উপজেলার টগা হাওরের জলাবদ্ধতায় বড়খলা গ্রামের কৃষকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। অথচ বরাদ্দের তালিকায় গ্রামের অধিকাংশ ক্ষতিগ্রস্ত কৃষকের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। এতে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ নম্বর ওয়ার্ডে ১৪৮ জন কৃষকের জন্য মানবিক সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এর মধ্যে বড়খলা গ্রামের মাত্র ১৭ জন কৃষক সহায়তার কার্ড পেয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মামুন আকন্দ বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হয়েছে।

প্রকাশিত : শুক্রবার, ০৫ জুন ২০২৬ খ্রি

You might like

About the Author: priyoshomoy