

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:
চাঁদপুরের ফরিদগঞ্জে ইউক্যালিপটাস গাছ কাটতে গিয়ে নিচে পড়ে মমিন হোসেন (৪৫) নামে এক প্রবাসফেরত চার সন্তানের জনকের মৃত্যু হয়েছে।

রোববার (৭ জুন) উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মমিন হোসেন একই ইউনিয়নের বাসিন্দা এবং লুৎফুর রহমানের ছেলে।
নিহতের ভাতিজা মানিক জানান, কয়েক বছর আগে প্রবাস থেকে দেশে ফিরে আসেন মমিন হোসেন। এরপর তিনি দিনমজুর হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
রোববার সকালে গাছ কাটার কাজ করতে পাশের সাইসাঙ্গা গ্রামে যান। সেখানে একটি ইউক্যালিপটাস গাছ অর্ধেক কাটার পর হঠাৎ পা পিছলে গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাঁকে দ্রুত ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠান। পরে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।














