ঠাকুরগাঁওয়ের তিন উপজেলায় দুই দিনে ছয়জনের মৃত্যু, শোকে ভারী জনপদ

হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও প্রতিনিধি:

মাত্র দুই দিনের ব্যবধানে ঠাকুরগাঁও জেলার তিন উপজেলায় পৃথক ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। পানিতে ডুবে দুই শিশু, সড়ক দুর্ঘটনায় এক নারী এবং আরও তিনজনের মৃত্যুর ঘটনায় বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রোববার ও আগের দিনের এসব ঘটনায় স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে হরিপুর, বালিয়াডাঙ্গী ও রাণীশংকৈল উপজেলার বিভিন্ন এলাকা।

রোববার জেলার হরিপুর ও বালিয়াডাঙ্গী উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দুই শিশু। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে চার ও পাঁচ বছর বয়সী দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার দুটিতে নেমে এসেছে গভীর শোক।

হরিপুর উপজেলার ৩ নম্বর বকুয়া ইউনিয়নের খাগরতলা গ্রামে নোনার খালের পানিতে ডুবে মারা যায় চার বছর বয়সী সাম। সে ওই গ্রামের সাদেকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির আশপাশে খেলছিল শিশু সাম। একপর্যায়ে খেলতে খেলতে সে নোনার খালের পাশে চলে যায় এবং পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করলে খালের পানিতে তার সন্ধান পান। দ্রুত উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

অন্যদিকে, একই দিন দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের নয়াপাড়া গ্রামে পানিতে ডুবে মৃত্যু হয় পাঁচ বছর বয়সী সাঈদের। সে ওই গ্রামের মো. আপেল আলীর ছেলে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুপুরের দিকে বাড়ির আশপাশে খেলাধুলা করছিল সাঈদ। পরিবারের সদস্যদের চোখ এড়িয়ে একপর্যায়ে সে পানির কাছে চলে যায়। পরে তাকে পানিতে ডুবে থাকা অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

এদিকে রাণীশংকৈল উপজেলায় গতকাল পৃথক ঘটনায় আরও চারজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

উপজেলার ৪ নম্বর লেহেম্বা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন যুবদলের এক সংগঠকের বাবার মৃত্যু হয়েছে। এছাড়া ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাইয়ের মৃত্যুতেও এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, রফিক পাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় পীরগঞ্জ উপজেলার গুয়াগাঁও গ্রামের জসিমের স্ত্রী, মানসিক ভারসাম্যহীন এক নারী নিহত হয়েছেন।

এ ছাড়া রাণীশংকৈল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসা থেকে সানজিদা ইসলাম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি তদন্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

মাত্র দুই দিনের ব্যবধানে জেলার বিভিন্ন এলাকায় একের পর এক মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষের মধ্যে শোক ও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে একই দিনে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনা এলাকায় গভীর বেদনার সৃষ্টি করেছে।

স্বজন হারানোর কান্না, আকস্মিক মৃত্যুর সংবাদ এবং একের পর এক মর্মান্তিক ঘটনায় এখন ঠাকুরগাঁওয়ের তিন উপজেলার বিভিন্ন এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

প্রকাশিত :  ‍রোববার, ৩০ আগস্ট ২০২৬

You might like