

আলো আর আঁধারের সুক্ষ্ম সীমায়,
ন্যায় আর অন্যায়ের গোলকধাঁধায়-
একবুক বিশ্বাসে পেতে রাখি কান,
যুক্তিই বলে দেয় কার জয়গান।
কিন্তু সে যুক্তিও কভু ছায়াবাজি,
মিছে তাপে সত্যরে করে দেয় রাজি।
কখন যে মন পড়ে ঘোর কোনো ছলে,
মিথ্যাও খাঁটি হয়ে আঁখি-জল ফেলে।

শব্দের জালে বাঁধা শানিত উত্তর,
ভেতরে কেবলি এক শূন্য প্রান্তর।
ভুলকে সাজিয়ে রাখা ঠিক-এর জামায়,
নিজেরে সে হারায় যে তর্কের সীমায়।
অহমের টানে আজ যুক্তির জয়,
হৃদয়ের আলো তাতে নিভে যায় প্রচ্ছায়।
যেখানে থাকার কথা সহজ বিশ্বাস,
সেথায় জমেছে আজ বন্ধ নিঃশ্বাস।
যুক্তির এই ফাঁদে বন্দি যে প্রাণ,
সত্যের কাছে তার হবে কি অবসান?
হেঁয়ালির জাল ছিঁড়ে জেগে উঠুক আলো,
হৃদয়ের অনুভবেই ধরা দিক ভালো।
প্রকাশিত : রোববার, ৩০ আগস্ট ২০২৬
শেয়ার করুন
–
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

















