মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ

হিরক খান, মেহেরপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে মেহেরপুর জেলা যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১১জুন) বিকেলে জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদের নেতৃত্বে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি কাথুলি বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুন বলেন, “এই চাঁদাবাজ, সন্ত্রাসী, বিএনপির নাম ভাঙিয়ে যারা এসব করছে, বিএনপি’র ভাবমূর্তি নষ্ট করছে হয়তো আজকে মুখে বলছি, তা না হলে বাধ্য হব লাঠি হাতে করে তাদের প্রতিহত করতে। মেহেরপুরের আপামর মানুষের বিরুদ্ধে, জনগণের স্বার্থের বিরুদ্ধে কাউকে কোনো পদক্ষেপ নিতে দেওয়া হবে না।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা যুবদলের সভাপতি হাসানুজ্জামান, মহাজনপুর ইউনিয়ন পরিষদের সদস্য রোকনুজ্জামান, মেহেদী হাসান রোকন, পৌর যুবদলের সভাপতি সামিউল ইসলাম লিজন, সদস্য সচিব নওফেল আহমেদ রনি সহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

যুবদল নেতৃবৃন্দ বলেন, কেন্দ্রীয় কমিটি ঘোষণার মাধ্যমে যুবদল আরও সুসংগঠিত হয়ে দলের গণতান্ত্রিক আন্দোলনে শক্তিশালী ভূমিকা রাখবে।

প্রকাশিত : শুক্রবার, ১২ জুন ২০২৬ খ্রি

You might like