

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা,
বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কৃতি সন্তান মো. আনিছুর রহমান| ৬ জুলাই ২০২৬ তারিখে অর্থ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে তিন বছরের জন্য এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে|
তিনি ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ঐতিহ্যবাহী ‘কবি রূপসা পাঁচানি’ বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন| তাঁর প্রয়াত পিতা এ কে এম ছায়েদুর রহমান ছিলেন লাউতলী ডা: রশীদ আহমেদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ| আনিছুর রহমানের মামা হলেন দেশের প্রখ্যাত চিত্রশিল্পী এম হাসেম খাঁন|

তিনি ১৯৯৪ সালে সহকারী পরিচালক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে তাঁর কর্মজীবন শুরু করেন| দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে তিনি বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগে নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন| এছাড়া, তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিনিয়োগ বোর্ডে (বর্তমানে বিডা) দীর্ঘ সাত বছর কর্মরত ছিলেন|
এই কর্মকর্তার ওপর দেশের ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ এবং আর্থিক খাতের চলমান সংস্কার প্রক্রিয়ায় বিশেষ দায়িত্ব অর্পণ করা হয়েছে| তাঁর এই নিয়োগকে অর্থনীতিবিদ ও সংশ্লিষ্ট মহল অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন| তাঁর এই নিয়োগকে উপজেলাবাসী গর্ববোধ মনে করছে|

















