শ্রীশ্রী আনন্দময়ী কালী মন্দিরে ১৬ জুলাই রথযাত্রা, ২৪ জুলাই উল্টো রথ

সাইদ হোসেন অপু চৌধুরী :

মতলব উত্তর উপজেলার আনন্দবাজার এলাকার দুর্গাপুর গ্রামে অবস্থিত শ্রীশ্রী আনন্দময়ী কালী মন্দিরে আগামী ১৬ জুলাই শ্রীশ্রী জগন্নাথদেবের পবিত্র রথযাত্রা এবং ২৪ জুলাই উল্টো রথ (বাহুদা যাত্রা) অনুষ্ঠিত হবে।

রথযাত্রার দিন ভগবান শ্রীজগন্নাথ, শ্রীবলরাম ও দেবী সুভদ্রাকে মূল মন্দির থেকে সুসজ্জিত রথে করে গুন্ডিচা মন্দিরে (মাসির বাড়ি) নিয়ে যাওয়া হবে। এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বিশেষ পূজা-অর্চনা, হরিনাম সংকীর্তন, প্রসাদ বিতরণ এবং ভক্তদের অংশগ্রহণে রথ টানার আয়োজন করা হয়েছে।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, রথযাত্রায় অংশগ্রহণ, রথ দর্শন এবং রথ টানার মাধ্যমে ভগবান শ্রীজগন্নাথের বিশেষ কৃপা লাভ করা যায়। রথযাত্রার পর ভগবান শ্রীজগন্নাথ, শ্রীবলরাম ও দেবী সুভদ্রা প্রায় নয় দিন গুন্ডিচা মন্দিরে অবস্থান করবেন। এ সময় অসংখ্য ভক্ত তাঁদের দর্শন ও আশীর্বাদ লাভের উদ্দেশ্যে সমবেত হবেন।

আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথ বা বাহুদা যাত্রা। এদিন ভগবান শ্রীজগন্নাথ, শ্রীবলরাম ও দেবী সুভদ্রা পুনরায় নিজ মন্দিরে প্রত্যাবর্তন করবেন। এর মধ্য দিয়েই চলতি বছরের রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়; এটি ভক্তি, আনন্দ, ঐক্য ও সম্প্রীতির এক অনন্য প্রতীক। প্রতিবছরের মতো এবারও এ উৎসবকে ঘিরে ভক্তদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করবে। আয়োজকরা সনাতন ধর্মাবলম্বীসহ সকল ভক্ত ও শুভানুধ্যায়ীকে রথযাত্রা ও উল্টো রথের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।

প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

You might like