৫ বছরের মেয়েকে সাথে নিয়ে নরেন্দ্রপুরে গৃহবধূ নিখোঁজ

মালিকুজ্জামান কাকা :

পাঁচ বছরের মেয়ে শিশুকন্যাকে একজন গৃহবধূ বিগত পাঁচ দিন নিখোঁজ রয়েছেন। ঐ গৃহবধূর নাম মাসুমা আক্তার উর্মি। তার বয়স ২১ বছর। নিখোঁজ গৃহবধূর স্বামী বাপ্পি হোসেন কোতোয়ালি মডেল থানায় ১৩ জুলাই এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং ১১১১, তারিখ ১৩/০৭/২০২৬।

জিডি অনুসারে উর্মি গত ৮ জুলাই সকালে একমাত্র মেয়ে আফিয়া সুলতানাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। মায়ের বাড়ি গেছে বলে গেলেও তিনি মনিরামপুরের স্যামকুড়ে পিতা শরিফুলের বাড়ি যাননি। এমনকি কেশবপুরে উর্মি তার মা সাহানারা খাতুনের বাড়িও যায়নি। বরং তার মোবাইল ফোন ও ব্যবহৃত সিমটি এখন বন্ধ। কোতয়ালি মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ জাবেদ আলী বিষয়টি তদন্ত করছেন।

স্ত্রী ও ছোট্ট মেয়ের চিন্তায় বাপ্পি হোসেন বর্তমানে বেসামাল হয়ে পড়েছেন। তিনি যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ভগবতীতলার মফিজুর রহমানের ছেলে।

প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

You might like