

নিজস্ব প্রতিবেদক
নওগাঁ জেলার মান্দা উপজেলার ৯ নম্বর তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম. মোখলেসুর রহমান (কামরুল) স্বাস্থ্যসেবা, নারী ও শিশু কল্যাণ, পরিবার পরিকল্পনা বাস্তবায়ন এবং জনস্বাস্থ্য উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সারাদেশের শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত জাতীয় পর্যায়ের মূল্যায়নে তিনি এই গৌরবজনক সম্মান অর্জন করেন। রবিবার (১২ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সরকারের অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে বিশেষ ভূমিকার জন্য সাতটি গুরুত্বপূর্ণ মূল্যায়ন সূচকে সর্বোচ্চ সাফল্য অর্জন করেন চেয়ারম্যান মোখলেসুর রহমান। এসব সূচকের মধ্যে ছিল—নারী ও শিশু স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, পরিবার পরিকল্পনা কার্যক্রম সম্প্রসারণ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, প্রাথমিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ, প্রজনন স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি।
সম্মাননা গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে চেয়ারম্যান এস. এম. মোখলেসুর রহমান (কামরুল) বলেন, “এই সম্মান শুধু আমার একার নয়; এটি তেঁতুলিয়া ইউনিয়নের প্রতিটি মানুষের। তাদের অকুণ্ঠ সমর্থন, সহযোগিতা ও ভালোবাসাই আমাকে এই অর্জনের পথে এগিয়ে নিয়েছে। আমি ভবিষ্যতেও সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরলসভাবে কাজ করে যাব, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, সরকারের স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও জনকল্যাণমূলক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও উন্নত সমাজ গঠনে ইউনিয়ন পরিষদকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
চেয়ারম্যানের এই জাতীয় অর্জনে তেঁতুলিয়া ইউনিয়নসহ পুরো মান্দা উপজেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে তেঁতুলিয়া ইউনিয়ন উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণের ক্ষেত্রে ভবিষ্যতেও দেশের জন্য একটি অনুকরণীয় মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।
স্থানীয়দের মতে, চেয়ারম্যান মোখলেসুর রহমান (কামরুল)-এর এই জাতীয় স্বীকৃতি শুধু তেঁতুলিয়া ইউনিয়নের নয়, বরং নওগাঁ জেলা ও সমগ্র উত্তরাঞ্চলের জন্যও এক গৌরবময় অর্জন।

















