ধর্মপাশায় ২১ প্রাথমিক বিদ্যালয় ও ৪ কমিউনিটি ক্লিনিকে বিশুদ্ধ পানির ফিল্টার

মোঃ শহীদুল ইসলাম, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চারটি কমিউনিটি ক্লিনিকে বিশুদ্ধ পানির ফিল্টার বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও সেবা নিতে আসা সাধারণ মানুষের জন্য নিরাপদ পানীয় পানির ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব ফিল্টার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ। সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশার সার্বিক সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।

ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থবছরে ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল থেকে ৩ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। বরাদ্দের অর্থে সদর ইউনিয়নের ২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চারটি কমিউনিটি ক্লিনিকে পানির ফিল্টার সরবরাহ করা হয়।

অনুষ্ঠানে সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আতাউর রহমান তুষার, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরাপদ পানীয় পানি নিশ্চিত করা জনস্বাস্থ্য সুরক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। বিদ্যালয়ের শিক্ষার্থী এবং কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবা নিতে আসা মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা স্বাস্থ্যঝুঁকি কমাতে সহায়ক হবে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

You might like

About the Author: priyoshomoy