সাতক্ষীরায় কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ ৩ কারবারি  গ্রেফতার

জি এম শরিফুল ইসলাম সানু, সাতক্ষীরা:

সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন সাংবাদিকদের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ডেলমা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকা থেকে মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে ৫৬৩ পিচ ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃত মাদক কারবারিরা হলেন, মো. আবদুল্লাহ (৩৩), আবু হাসান (২২) ও নাজমুল (২৬)। তারা সবাই সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বাসিন্দা।

কোস্ট গার্ড জানায়, মাদক চোরাকারবারীরা ভারত থেকে অবৈধ পথে মাদকের একটি বড় চালান নিয়ে এসে শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ডেলমা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় বেচাকেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড কৈখালী স্টেশনের সদস্যরা সেখানে বিশেষ অভিযান পরিচালনা করেন।

এসময় সেখানে তল্লাশি চালিয়ে প্রায় দুই লাখ ৮২ হাজার টাকা মূল্যের ৫৬৩ পিস ইয়াবা ও চারটি মোবাইল ফোনসহ উক্ত তিনজন মাদক কারবারিকে আটক করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানান, জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই ২০২৬

You might like

About the Author: priyoshomoy