মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ১১ কেজি গাঁজা! চাঁদপুরে নারী গ্রেফতার

সজীব খান, চাঁদপুর

চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের ড্রাম থেকে প্রায় ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাসলিমা নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে ডিএনসি।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৭টার দিকে চাঁদপুর শহরের ফরিদগঞ্জ-চাঁদপুর বাইপাস সড়কের ভূঁইয়া বাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান চালায়।
ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানের সময় তাসলিমাকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের বারান্দায় তল্লাশি চালানো হয়। একপর্যায়ে বিশেষ কৌশলে মাটির নিচে পুঁতে রাখা একটি প্লাস্টিকের ড্রামের সন্ধান পান অভিযানকারীরা। পরে ড্রামটি মাটি থেকে তুলে খুলে তল্লাশি চালালে এর ভেতর থেকে প্রায় ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদক জব্দ করে হেফাজতে নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, আটক নারী দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি বলেন, চাঁদপুরকে মাদকমুক্ত রাখতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবার ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিতভাবে কঠোর ও সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।

প্রকাশিত : মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy