বৃষ্টি হলেই কল্যাণপুর ইউপি ভবনের ছাদ দিয়ে পড়ে পানি, চরম দুর্ভোগে সেবাগ্রহীতারা

সজীব খান :

চাঁদপুর সদর উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়ন পরিষদ ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টি হলেই ভবনের ছাদ দিয়ে পানি পড়ায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা সাধারণ মানুষকে। ঝুঁকিপূর্ণ ভবনেই বাধ্য হয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও জনসেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ভবনটির বিভিন্ন অংশে নানা সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে বৃষ্টি হলেই ছাদ দিয়ে পানি পড়ায় পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। পানি পড়ে অফিসের বিভিন্ন কক্ষের মেঝে ভিজে যায়। এতে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নথি সংরক্ষণ নিয়েও উদ্বেগ তৈরি হয়। একই সঙ্গে পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষকেও ভোগান্তির শিকার হতে হয়।

দীর্ঘদিনের এ সমস্যার কারণে পরিষদ কর্তৃপক্ষকেও প্রতিনিয়ত নানা জটিলতার মুখোমুখি হতে হচ্ছে। ঝুঁকিপূর্ণ ভবনে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন এবং সাধারণ মানুষের সেবা গ্রহণ—দুই ক্ষেত্রেই নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ফলে দ্রুত ভবনটি সংস্কার কিংবা নতুন ভবন নির্মাণের দাবি উঠেছে।

কল্যাণপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের বিচারক ও ইউপি সদস্য সেলিম বকুল বলেন, “পরিষদের ভবনটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ঝুঁকিপূর্ণ ভবনেই আমরা কার্যক্রম পরিচালনা করে আসছি এবং জনগণকে সেবা দিয়ে যাচ্ছি। বৃষ্টি হলে ছাদ দিয়ে পানি পড়ে। এতে আমাদের কার্যক্রম পরিচালনায় নানা সমস্যার সৃষ্টি হয়। জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।”

কল্যাণপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মেহেদী হাসান মামুন বলেন, “পরিষদ ভবনের সমস্যার বিষয়টি এলজিইডি অফিসকে জানানো হয়েছে। তারা উন্নয়ন তহবিলের মাধ্যমে একটি প্রকল্প অনুমোদন করেছে। টেন্ডার প্রক্রিয়া ও কবে নাগাদ কাজ শুরু হবে, তা এলজিইডি অফিস বলতে পারবে। কল্যাণপুর ইউনিয়ন পরিষদ ভবনের জরাজীর্ণ অবস্থার বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও অবহিত করা হয়েছে। আশা করছি, দ্রুত উন্নয়ন তহবিলের মাধ্যমে সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হবে।”

এ বিষয়ে উপজেলা সহকারী প্রকৌশলী (এসও) আইয়ুব খান বলেন, “বরাদ্দ পাওয়া গেলেই প্রয়োজনীয় কাজ করা হবে।” সচেতন মহলের মতে, ইউনিয়ন পরিষদ হচ্ছে সাধারণ মানুষের সরকারি সেবা পাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে ইউনিয়নের মানুষ পরিষদে এসে জন্মনিবন্ধন, নাগরিক সনদ, গ্রাম আদালতসহ নানা ধরনের সেবা গ্রহণ করেন। এমন একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের ভবন দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা কোনোভাবেই কাম্য নয়।

তাদের দাবি, জনসাধারণের নিরাপত্তা ও নির্বিঘ্নে সরকারি সেবা নিশ্চিত করতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বরাদ্দ ও নির্মাণকাজের ব্যবস্থা করলে দীর্ঘদিনের এ দুর্ভোগ থেকে রক্ষা পাবেন কল্যাণপুর ইউনিয়নের সাধারণ মানুষ।

প্রকাশিত :  ‍বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

You might like