

নিজস্ব প্রতিনিধি: আসন্ন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাংবাদিক ও সমাজসেবক সাইফুল ইসলাম সিফাত। বুধবার (১২ আগস্ট) বিকেলে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহ জালালের কাছ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
সাইফুল ইসলাম সিফাত মরহুম হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান খানের মেঝো ছেলে। ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়ে তিনি ব্যবসায়ীদের দোয়া, সমর্থন ও আশীর্বাদ কামনা করেছেন।

সাইফুল ইসলাম সিফাত বর্তমানে ইসলামীয়া মডার্ণ হাসপাতাল (প্রা.)-এর চেয়ারম্যান এবং হাজীগঞ্জ ই-কমার্সের স্বত্বাধিকারী। পাশাপাশি তিনি সাপ্তাহিক সকলের কণ্ঠ ও প্রিয় চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক চাঁদপুর খবরের ব্যবস্থাপনা সম্পাদক, বিজয় টিভির চাঁদপুর প্রতিনিধি এবং নয়া দিগন্তের হাজীগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের সদস্য সচিব।
সামাজিক কর্মকাণ্ডেও দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন সিফাত। বিভিন্ন সামাজিক সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি করোনাকালীন সময়ে অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা, সচেতনতামূলক প্রচারণা ও করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের দাফন কার্যক্রমে অংশ নেন তিনি। এসব মানবিক কর্মকাণ্ডে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি নিজেও দুইবার করোনায় আক্রান্ত হন।
মনোনয়নপত্র সংগ্রহের সময় তার সঙ্গে ছিলেন ইসলামীয়া মডার্ণ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ হাবিব উল্যাহ, মাসুদ হোসেন, মেহেদি হাসান রিমেল ও আব্দুস সালাম।
এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ গোলামুর রহমান, সদস্য ও উপজেলা আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মো. মোশাররফ হোসেন এবং পৌরসভার বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমন উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর সাইফুল ইসলাম সিফাত বলেন, ব্যবসায়ীদের আস্থা ও সমর্থন নিয়ে নির্বাচিত হলে দায়িত্বের প্রতি সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করবেন। ব্যবসায়ী সমিতির অর্থ সঠিকভাবে ব্যবস্থাপনা এবং ব্যবসায়ীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রসঙ্গত, নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ২৯ আগস্ট (শনিবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বিতরণ চলছে ১১ থেকে ১৩ আগস্ট পর্যন্ত। মনোনয়নপত্র দাখিল ১৬ আগস্ট, যাচাই-বাছাই ১৭ আগস্ট, প্রত্যাহার ১৮ আগস্ট, প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ ১৯ আগস্ট এবং প্রতীক বরাদ্দ ২০ আগস্ট।
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

















