

হিরক খান, মেহেরপুর প্রতিনিধি :
সমাজিক দায়বদ্ধতা যেমন একজন মানুষকে দায়িত্বশীল করে তোলে, তেমনি মানবিক মূল্যবোধ তাকে মানুষের আরও কাছাকাছি নিয়ে যায়। সেই ভাবনা থেকেই গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের বিএনপি নেতা নুর ইসলাম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজেকে মাঠে সক্রিয়ভাবে উপস্থাপন করেছেন। ইতোমধ্যে তিনি ইউনিয়নের ২১টি গ্রামে গণসংযোগ, নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত নুর ইসলাম জানান, শৈশব থেকেই তিনি বিএনপির আদর্শে বিশ্বাসী এবং সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের হাত ধরেই তার রাজনৈতিক পথচলার শুরু। রাজনীতির পাশাপাশি তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এলাকায় একজন সহজ-সরল ও জনবান্ধব ব্যক্তি হিসেবেও তার পরিচিতি রয়েছে। তিনি ধানখোলা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং গাংনী থানা বিএনপির সাবেক সদস্য হিসেবে দীর্ঘদিন তৃণমূল রাজনীতিতে কাজ করেছেন। ১৯৯৬ সালের রাজনৈতিক আন্দোলনের সময় মামলারও শিকার হন তিনি।

নুর ইসলামের ভাষায়, “মানুষ মানুষের জন্য-এই বিশ্বাস থেকেই আমি রাজনীতি করি।” তিনি বলেন, জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলে সরকারি অনুদান, ভাতা ও সেবামূলক সুবিধা প্রকৃত প্রাপকের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে তার প্রথম দায়িত্ব।
তিনি কৃষক, শিক্ষার্থী ও যুবসমাজকে নিয়ে আলাদা পরিকল্পনার কথাও তুলে ধরেন। তার মতে, যুবকদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলা, সামাজিক কর্মকাণ্ড ও দক্ষতা উন্নয়নে যুক্ত করা গেলে ধানখোলা ইউনিয়ন গাংনী উপজেলার একটি দৃষ্টান্তে পরিণত হতে পারে। প্রায় ৩৩ হাজার ভোটারের এই কৃষিনির্ভর ইউনিয়নের উন্নয়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততাকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, নুর ইসলামকে তারা একজন ভালো মনের মানুষ হিসেবে দেখেন। তাদের ভাষায়, অন্যায়ের সঙ্গে আপস নয়, মানুষের কল্যাণে কাজ করাই নুর ইসলামের দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক চর্চার অন্যতম পরিচয়।
প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট ২০২৬

















