

সজীব খান :
মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরে মাদকবিরোধী থিম সং ও ডকুমেন্টারি প্রদর্শন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের আয়োজনে মঙ্গলবার (১৮ আগস্ট) চাঁদপুর সদর উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২০২৬ সালে প্রস্তুতকৃত মাদকবিরোধী থিম সং ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদকাসক্তির কারণে ব্যক্তি, পরিবার ও সমাজে সৃষ্ট নানা নেতিবাচক প্রভাব সম্পর্কে প্রশিক্ষণার্থীদের সচেতন করা হয়। একই সঙ্গে মাদক থেকে দূরে থেকে সুস্থ ও সুন্দর জীবন গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, প্রশাসনসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দিতে হবে। আলোচনা সভায় চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর মাসুম আলমসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি তরুণদের মাদক থেকে দূরে রাখতে এবং সমাজে মাদকবিরোধী জনমত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট ২০২৬

















