পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদক ও স্মার্টফোন আসক্তিকে শিক্ষার্থীদের লাল কার্ড

মোঃএনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলার নৃপেন্দ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল সোমবার (১৭ আগস্ট) টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা এবং চরিত্র গঠনের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম রহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর সরকার, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত থাকার শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা। কাওসার আলম সোহেল বলেন, টিফিনের টাকা সাশ্রয় করে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠনটি এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উদ্বুদ্ধ করেছে।

প্রকাশিত :  ‍রবিবার, ১৬ আগস্ট ২০২৬

You might like