ফরিদগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক ‘কিলার মাসুদ’ চট্টগ্রাম থেকে গ্রেফতার

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :

চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র মামলায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. মাসুদুল করিম ওরফে মাসুদ মিয়া(৫০) যিনি ‘কিলার মাসুদ’ নামে পরিচিত, গ্রেফতার হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহর নিশ্চিত করে জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ প্রথমে চট্টগ্রামের ডবলমুরিং এলাকায় আসামির অবস্থান শনাক্ত করে। পরে রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে কৌশলগত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে থানার হাজতে রয়েছে।বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।

গ্রেফতারকৃত মাসুদুল করিম উপজেলার পূর্ব লাড়ুয়া গ্রামের মৃত আব্দুল হালিম ভুঁইয়ার ছেলে। একটি অস্ত্র মামলায় আদালত তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

প্রকাশিত :  ‍বুধবার, ১৯ আগস্ট ২০২৬

You might like