পলাশবাড়ীতে মাছের ঘেরে হামলা ও ২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

আশরাফুজ্জামান :

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় দীর্ঘদিন প্রবাস জীবন শেষে দেশে ফিরে বৈধভাবে মাছের ঘের পরিচালনা করায় এক প্রবাসীর ওপর বর্বরোচিত হামলা ও দফায় দফায় চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলার কাশিয়াবাড়ি এলাকার শ্রী স্বরূপ সরকার সংবাদ সম্মেলনে এই লোমহর্ষক ঘটনার বর্ণনা দিয়ে নিজের ও পরিবারের চরম নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন।

ভুক্তভোগী স্বরূপ সরকার জানান, কাশিয়াবাড়ির মো. ফারুক মিয়া, মো. হযরত আলী এবং মো. মিজানুর রহমানসহ বেশ কয়েকজন গত প্রায় দুই বছর ধরে তার কাছে বিভিন্ন অজুহাতে চাঁদা দাবি করে আসছিল। এই সময়ে বিভিন্ন মাধ্যমে জোরপূর্বক প্রায় ২ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়। এমনকি দাবিকৃত নতুন অঙ্কের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ৭ আগস্ট ২০২৫ রাতে কাশিয়াবাড়ি বাজারের কাছে মাছের ঘেরের সামনে তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে প্রাণঘাতী হামলা চালানো হয়। স্থানীয়দের হস্তক্ষেপে তিনি প্রাণে বেঁচে গেলেও গুরুতর জখম হন।

এই ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজের ও পরিবারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী স্বরূপ সরকার।

পাশাপাশি সত্য প্রকাশ ও ন্যায়বিচার পেতে তিনি গণমাধ্যম ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রকাশিত :  ‍বুধবার, ১৯ আগস্ট ২০২৬

You might like