চিলমারীতে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তরপ্রধান, সুশীল সমাজের প্রতিনিধি, খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, খাদ্য ব্যবসায়ী এবং সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভাটি সঞ্চালনা করেন উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সদস্য সচিব ও নিরাপদ খাদ্য অফিসার, কুড়িগ্রাম মো. রাকিবুল হাসান নিশাত।

সভায় নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিতকরণ, খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও বিপণনের প্রতিটি পর্যায়ে স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে খাদ্য ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের নিরাপদ খাদ্য আইন ও বিধিবিধান মেনে চলা, ভেজাল ও অনিরাপদ খাদ্য প্রতিরোধ এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য গ্রহণে সচেতন করার বিষয়ে আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; উৎপাদক, ব্যবসায়ী, ভোক্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সুশীল সমাজসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে উপজেলা পর্যায়ে কার্যকর সমন্বয় ও নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সভায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সংশ্লিষ্ট সব দপ্তর ও অংশীজনকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

প্রকাশিত :  ‍শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

You might like