

ফরিদগঞ্জ সংবাদদাতা :
স্ত্রী মারা গেছেন দুই বছর আগে। তিন মেয়ের বিয়ে হয়ে গেছে, একমাত্র ছোট ছেলেটি তার বোনের বাড়ি থেকে মাদ্রাসায় পড়ে। ফলে নিজ ভিটায় একাকী জীবনযাপন করছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক ইউসুফ আলী মাস্টার (৬০)। অবশেষে মারা যাওয়ার প্রায় ৩০ ঘণ্টা পর নিজ ঘরের বাহির থেকে উদ্ধার হলো তাঁর মাছি ও পোকামাকড়ে ঘেরা মৃতদেহ।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম বদরপুর গ্রামের আনিস ভূঁইয়া বাড়ি থেকে পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইউসুফ আলী একাকী ঘরে বসবাস করতেন। বৃহস্পতিবার সকালে ছোট ভাইদের সাথে স্থানীয় হারুনের দোকানে চা খেয়ে বাড়িতে ফিরে আসেন। এরপর থেকে আর কেউ তাঁকে দেখেননি। শুক্রবার দুপুরে জুমার নামাজের আগে বাড়ির দুই শিশু ঘরের বাইরে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। স্থানীয়রা এসে দেখেন, তাঁর মুখ থেকে রক্ত বের হচ্ছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্লাহ ও সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ আলী চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
নিহতের ছোট ভাই খোকন ভূঁইয়া জানান, বৃহস্পতিবার সকালে আমরা একসঙ্গে দোকানে বসে চা খেয়েছি। তারপর ভাই বাড়িতে আসেন। স্ত্রী মারা যাওয়ার পর থেকে উনি একাই থাকতেন। শুক্রবার দুপুরে জুমার আগে বাড়ির ছেলেরা রক্তমাখা লাশ পড়ে থাকতে দেখে সবাইকে খবর দেয়।
নিহতের মেজো মেয়ে রেহানা খাতুন বাকরুদ্ধ কণ্ঠে বলেন, বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ও হৃদরোগে ভুগছিলেন। বাবাকে ফোনেও পাচ্ছিলাম না। তাই শুক্রবার সকালে এসে দেখি বাবার নিথর দেহ পড়ে আছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্লাহ জানান, মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
প্রকাশিত : শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

















