

মো: মহিউদ্দিন ,ফরিদগঞ্জ অফিস :
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য, সমাজসেবক ও দানবীর আলহাজ এমএ হান্নান সাংবাদিকদের প্রতি স্বচ্ছতা ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার (২৩ আগস্ট) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবে শুভাগমন উপলক্ষে আয়োজিত প্রাণঢালা অভিনন্দন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি হান্নান বলেন, ‘গণমাধ্যম সমাজের গুরুত্বপূর্ণ শক্তি। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদই দেশকে এগিয়ে নিতে পারে। আমি আগেও বলেছি, আপনারা সাংবাদিক ভাইয়েরা যেন স্বচ্ছতার ধারাবাহিকতা বজায় রাখেন এবং ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় অর্থাৎ সাদাকে সাদা ও কালোকে কালো হিসেবে তুলে ধরেন।’ দায়িত্বশীল সাংবাদিকতা শুধু খবর পরিবেশন নয়, বরং সমাজে জবাবদিহিতা নিশ্চিত করারও বড় মাধ্যম বলে উল্লেখ করেন তিনি। সত্য প্রকাশে কোনো ধরনের পক্ষপাত বা ভীতি যেন কাজ না করে, সেদিকেও গুরুত্বারোপ করেন এমপি।
তিনি আরও বলেন, ‘আমি বিগত ৩০ বছর ফরিদগঞ্জের মানুষের কল্যাণে কাজ করেছি, ভবিষ্যতেও তাদের পাশে থাকবো।’ সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘সাংবাদিক জাতির বিবেক। সত্য সংবাদ আমাকে নিয়ে যেভাবেই হোক, তাতে আমি সাধুবাদ জানাব।’ পাশাপাশি তিনি অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ থেকে বিরত থাকার আহ্বান জানান।
এ সময় ফরিদগঞ্জ প্রেসক্লাবের জন্য স্থায়ী কার্যালয় ভবন নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নিজস্ব অর্থায়নে সহায়তার প্রতিশ্রুতি দেন এমপি হান্নান। তাঁর এ ঘোষণায় উপস্থিত সাংবাদিকরা সন্তোষ প্রকাশ করে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের আশাবাদ ব্যক্ত করেন। প্রেসক্লাবের নেতৃবৃন্দ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি ফরিদগঞ্জের সাংবাদিক সমাজের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হবে।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন, মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সোবহান লিটন ও নুরুল ইসলাম ফরহাদ।
সভায় ফরিদগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি এমএ হান্নানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। উন্নয়ন, জনকল্যাণ ও গণমাধ্যমের স্বাধীন ও দায়িত্বশীল ভূমিকায় জনপ্রতিনিধি-সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন পাটোয়ারী, নজরুল ইসলাম (নজু পাটোয়ারী), মাসুদুর রহমান বেপারী, পৌরসভার সাবেক প্যানেল মেয়র জাকির হোসেন গাজী, পৌর বিএনপির সাবেক সভাপতি আমানত হোসেন গাজী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া।
প্রকাশিত : সোমবার, ২৪ আগস্ট ২০২৬

















