পঞ্চগড়ে হানিট্র্যাপ চক্রের ২ সদস্য ধৃত : অভিযান অব্যাহত

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ে হানিট্র্যাপ চক্রের এক নারী-সহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

চক্রটি দীর্ঘদিন মানুষকে ফাঁদে ফেলে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল। সম্প্রতি পঞ্চগড়ের এক ব্যবসায়ীকে অপহরণ করে আটকে রেখে জোরপূর্বক অশ্লীল ভিডিও ধারণ এবং তা প্রকাশ করে দেয়ার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিলে ওই ব্যক্তি পঞ্চগড় থানায় মামলা করেন।

পরে অভিযান চালিয়ে হানিট্র্যাপ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।তারা হলেন, পঞ্চগড় সদর উপজেলার রাজনগর খালপাড়ার ভাড়াটিয়া বাসিন্দা মো. আবু রায়হান হৃদয় (২৪) এবং পঞ্চগড় পৌরসভার কায়েতপাড়ার সুরাইয়া পারভীন স্বরনী (১৯)।

সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সদর থানা পুলিশ।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৭ জুলাই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের গেট থেকে ৪ থেকে ৫ জনের একটি হানিট্র্যাপ চক্র ওই ব্যবসায়ীকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে অশ্লীল ভিডিও ধারণ করে। পরে ওই ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে তাকে ছেড়ে দেয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত হানিট্র্যাপের দুই সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

প্রকাশিত :  ‍মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy